
নিজস্ব প্রতিনিধি | এসকেনিউজ২৪
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতিকে ১ ট্রিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য সামনে রেখে উৎপাদনশীলতা বৃদ্ধিতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে প্রযুক্তি, উদ্ভাবন ও দক্ষ মানবসম্পদের সমন্বয়ে আধুনিক ও প্রতিযোগিতামূলক অর্থনীতি গড়ে তোলার ওপর জোর দিয়েছেন তিনি।
‘জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬’ উপলক্ষে বৃহস্পতিবার (১ অক্টোবর) দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, শিল্পায়ন, কর্মসংস্থান ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য উৎপাদনশীলতা বাড়ানোর বিকল্প নেই। আধুনিক প্রযুক্তি, উদ্ভাবন, দক্ষ মানবসম্পদ ও কার্যকর ব্যবস্থাপনার সমন্বয়ে শিল্প ও সেবা খাতকে আরও প্রতিযোগিতামূলক করে তুলতে হবে। এ ক্ষেত্রে সরকারি নীতিগত সহায়তার পাশাপাশি সংশ্লিষ্ট সব পক্ষের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।
এবারের জাতীয় উৎপাদনশীলতা দিবসের প্রতিপাদ্য ‘উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়’। বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক বাস্তবতায় এ সমন্বয়কে গুরুত্বপূর্ণ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, অটোমেশন, রোবোটিক্স, ইন্টারনেট অব থিংস, ডেটা অ্যানালিটিক্স ও ডিজিটাল উৎপাদন ব্যবস্থা বিশ্বজুড়ে শিল্পের ধরন দ্রুত বদলে দিচ্ছে। বাংলাদেশেরও এ পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে।
তাঁর মতে, শুধু প্রযুক্তির ব্যবহার বাড়ালেই উৎপাদনশীলতা নিশ্চিত হবে না। এর সঙ্গে প্রয়োজন গবেষণা, উদ্ভাবন, দক্ষ ব্যবস্থাপনা এবং শ্রমিক-কর্মীদের সার্বিক কল্যাণ। পাশাপাশি প্রযুক্তি ব্যবহারে সক্ষম, সৃজনশীল ও পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে পারে—এমন দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।
প্রধানমন্ত্রী জানান, ডিজিটাল অর্থনীতি, উচ্চপ্রযুক্তির কর্মসংস্থান ও দক্ষতাভিত্তিক শিক্ষায় বিনিয়োগ বাড়ানোর লক্ষ্য রয়েছে।
শিক্ষাপ্রতিষ্ঠানে প্রযুক্তির ব্যবহার, কারিগরি ও আইটি শিক্ষার সম্প্রসারণ এবং তরুণদের প্রযুক্তিগত ও ভাষাগত দক্ষতা উন্নয়নের মাধ্যমে তাদের দেশীয় ও বৈশ্বিক কর্মসংস্থানের উপযোগী করে গড়ে তোলার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।
এ ছাড়া ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা এবং স্টার্টআপগুলোর জন্য প্রযুক্তি ও অর্থায়নের সুযোগ সম্প্রসারণের ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। শিল্পপ্রতিষ্ঠানগুলোকে আধুনিক প্রযুক্তি গ্রহণ, গবেষণা ও উদ্ভাবনে বিনিয়োগ এবং কর্মীদের নিয়মিত দক্ষতা উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এনপিও)-এর উদ্যোগে জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬ পালিত হচ্ছে। প্রতিষ্ঠানটি উৎপাদনশীলতা উন্নয়নে প্রশিক্ষণ, গবেষণা, পরামর্শ, কারিগরি সহায়তা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে বলে বাণীতে উল্লেখ করা হয়।
বাণীর শেষাংশে প্রধানমন্ত্রী উদ্ভাবনকে উৎসাহিত করা, প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান জানান। সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশকে উৎপাদনশীল, উদ্ভাবনী, দক্ষ, প্রতিযোগিতামূলক ও টেকসই শিল্প অর্থনীতিতে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এসকে/এনএম
আরো পড়ুন : ‘কার্ডে অনিয়ম হলে ছাড় নয়, প্রয়োজনে নিজেই মামলা করব’—কায়সার কামাল
সম্পাদনা_দেলোয়ার হোসেন মাসুদ 


























One thought on “১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে উৎপাদনশীলতা বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর”