
নিজস্ব প্রতিনিধি :
সারাদেশে ৩৩ হাজারের বেশি পূজামণ্ডপে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বিপিএম। তিনি বলেছেন, পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় এবং সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশব্যাপী শান্তিপূর্ণ পরিবেশ বজায় রয়েছে। প্রতিমা বিসর্জন পর্যন্ত সুষ্ঠু ও সুন্দরভাবে পূজা উদযাপিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে দুর্গাপূজার নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন আইজিপি।
তিনি বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে কিছু মানুষ বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে এবং গুজব থেকে সচেতন থাকতে হবে। দেবী দুর্গার মতোই অশুভ শক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে লড়াই করে যেতে হবে।
পুলিশপ্রধান বলেন, ৫ আগস্ট-পরবর্তী সময়ে পাঁচ থেকে সাত দিন পুলিশের কার্যক্রম কার্যত বন্ধ ছিল। তখন মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয় এবং ছিনতাই, রাহাজানি ও ডাকাতিসহ বিভিন্ন ধরনের অপরাধ সংঘটিত হয়। তবে সবার সহযোগিতায় বাংলাদেশ পুলিশ সেই পরিস্থিতি কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছে।
এ সময় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করায় পুলিশ বাহিনীকে ধন্যবাদ জানান। তাঁরা বলেন, পুলিশি নিরাপত্তার কারণে পূজামণ্ডপগুলোতে নিরাপদ পরিবেশে পূজা উদযাপন করা সম্ভব হচ্ছে।
পূজা উদযাপনের সার্বিক নিরাপত্তাব্যবস্থা পরিদর্শনকালে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা এবং পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসকে/এনএম
আরও পড়ুন : দুর্গাপুরে মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড
এসকেনিউজ২৪ | সত্যের পথে কলমের সাথে | নেত্রকোনার খবরসহ দেশ-বিদেশের সর্বশেষ সংবাদে চোখ রাখুন
সম্পাদনা_দেলোয়ার হোসেন মাসুদ 

























