
নিজস্ব প্রতিনিধি :
স্বামীকে হারিয়ে শোকে মুহ্যমান স্ত্রী, বাবাকে হারিয়ে অসহায় দুই শিশু। স্বজনদের আহাজারি কোনো সান্ত্বনাতেই থামছে না। ঘাতকদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তিই এখন নিহত সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরের পরিবারের একমাত্র দাবি। শোকের এই কঠিন সময়ে পরিবারের পাশে দাঁড়িয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি নিহতের পরিবারকে এক লাখ টাকা আর্থিক সহায়তা ও বস্ত্র দিয়েছেন। পাশাপাশি পরিবারের আয়ের উৎস নিশ্চিত করতে নিহতের স্ত্রীকে চাকরি দেওয়ার আশ্বাস দিয়েছেন।
গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত আনুমানিক ৮টার দিকে নেত্রকোণার দুর্গাপুর উপজেলার উৎরাইল বাজার এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন রুপসী বাংলা (আইপি) টেলিভিশনের জেলা প্রতিনিধি সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির (৪০)। পরে স্থানীয়রা তাঁকে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শনিবার (১৭ অক্টোবর) বিকেলে দলীয় নেতাকর্মীদের মাধ্যমে নিহত সাংবাদিকের পরিবারের হাতে আর্থিক সহায়তা ও বস্ত্র তুলে দেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
স্ত্রী ও দুই শিশুসন্তানের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ
নিহত সাংবাদিক আলিফ ফকির নেত্রকোণার কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের শুনুই গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম মহব্বত আলী ফকির। তিনি দুর্গাপুর পৌরসভার তেলুঞ্জিয়া এলাকায় স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে বসবাস করতেন। সাবেক সেনাসদস্য আলিফ ফকির ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি ফেসবুক পেজ পরিচালনা করতেন। সেখানে দুর্নীতি, অনিয়ম ও অপরাধের বিরুদ্ধে নিয়মিত ভিডিও প্রকাশ করতেন তিনি।
স্বামীকে হারিয়ে শোকাহত স্ত্রী আনন্দিতা সাংমা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।
তিনি বলেন, “আমার স্বামীকে যারা হত্যা করেছে, আমি তাদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাই। যারা আমার দুই বাচ্চাকে এতিম করেছে, তাদের খুঁজে বের করে আইনের আওতায় এনে ফাঁসি কার্যকর করা হোক, যাতে আর কোনো সন্ত্রাসী কাউকে এভাবে হত্যা করতে না পারে।”
তিনি আরও বলেন, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে।
পরিবারের পাশে ডেপুটি স্পিকার
সাংবাদিক আলিফ ফকিরের পরিবারের অসহায়ত্বের কথা জানতে পেরে সহায়তার উদ্যোগ নেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। শনিবার বিকেলে তাঁর পক্ষ থেকে পরিবারের হাতে এক লাখ টাকা ও পরিবারের সদস্যদের জন্য বস্ত্র তুলে দেওয়া হয়। এ ছাড়া পরিবারের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে নিহতের স্ত্রী অনিন্দিতা সাংমাকে চাকরি দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
এ সময় দুর্গাপুর উপজেলা বিএনপির সভাপতি জহিরুল আলম ভুঁইয়া, সাংগঠনিক সম্পাদক আলহাজ জামাল উদ্দিন মাস্টার, বিশিষ্ট শিক্ষাব্রতী এম এ জিন্নাহ, অধ্যক্ষ শহীদ খান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মজিবুর মাস্টার, স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উপজেলা বিএনপির সভাপতি জহিরুল আলম ভুঁইয়া বলেন, নিহত সাংবাদিক আলিফ ফকিরের পরিবারের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। কোনো অবস্থাতেই যেন হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিরা পার পেয়ে না যায়, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও তিনি জানান।
তিনি আরও বলেন, দলীয়ভাবে তাঁরা সব সময় নিহতের পরিবারের পাশে থাকবেন।
বিচারের দাবিতে সোচ্চার সাংবাদিক সমাজ
সাংবাদিক আলিফ ফকিরের মৃত্যুতে দুর্গাপুরসহ নেত্রকোণায় শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী সাংবাদিক, সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন। এ ঘটনায় দেশের বিভিন্ন অঞ্চলে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিও শুরু হয়েছে।
একদিকে স্বামী হারানোর শোক, অন্যদিকে দুই শিশুসন্তানের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা—সব মিলিয়ে দিশেহারা আলিফ ফকিরের পরিবার। তাদের প্রত্যাশা, হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে এবং ন্যায়বিচার নিশ্চিত করা হবে।
এসকে/এনএম
আরও পড়ুন : নেত্রকোণায় ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান, জনসচেতনতায় গুরুত্ব
এসকেনিউজ২৪ | সত্যের পথে কলমের সাথে | নেত্রকোনার খবরসহ দেশ-বিদেশের সর্বশেষ সংবাদে চোখ রাখুন
সম্পাদনা_দেলোয়ার হোসেন মাসুদ 




















One thought on “সাংবাদিক আলিফ হত্যা : খুনিদের ফাঁসি চান স্ত্রী, পরিবারের পাশে ডেপুটি স্পিকার”