
নিজস্ব প্রতিনিধি :
নেত্রকোণার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যা মামলায় গ্রেপ্তার অপূর্বর (২২) আরও চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগে সোমবার তাঁকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে এক দিনের রিমান্ড শেষে অপূর্বকে দুর্গাপুর চৌকি আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত তাঁর চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জিজ্ঞাসাবাদে বেশ কিছু তথ্য পাওয়া গেছে। সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের বিভিন্ন সূত্র ধরে তদন্ত চলছে। তদন্তের স্বার্থে এখনই সব তথ্য প্রকাশ করা সম্ভব নয়।
পুলিশের দাবি, সাংবাদিক আলিফ হত্যার সময় অপূর্ব ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং তাঁর হেফাজতে অস্ত্রভর্তি একটি ব্যাগ ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি এ বিষয়ে স্বীকারোক্তি দিয়েছেন বলেও জানিয়েছে পুলিশ। তবে এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
পুলিশ আরও জানায়, হত্যাকাণ্ডের মূল সন্দেহভাজন শুটারের সঙ্গে অপূর্বর আত্মীয়তার সম্পর্ক রয়েছে। ওই ব্যক্তির ব্যবহৃত আগ্নেয়াস্ত্র অপূর্বর হেফাজতে রাখা হতো বলেও তথ্য পেয়েছে পুলিশ।
এর আগে গত শনিবার দিবাগত রাতে দুর্গাপুর পৌর শহরের পুরাতন সিনেমা হলের সামনে থেকে অপূর্বকে গ্রেপ্তার করা হয়। তিনি উকিলপাড়া এলাকার শমসের আলীর ছেলে। রোববার আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সোমবার তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য এক দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
গত ১৫ অক্টোবর রাত সোয়া ৮টার দিকে দুর্গাপুর উপজেলার তেলঞ্জিয়া এলাকার একটি দোকানে চা পান শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির। এ ঘটনায় পরদিন তাঁর স্ত্রী আনন্দিতা সাংমা বাদী হয়ে অজ্ঞাতনামা আটজনকে আসামি করে দুর্গাপুর থানায় হত্যা মামলা করেন।
এসকে/এনএম
আরও পড়ুন : কেন্দুয়ায় তাঁতী দলের কর্মী সম্মেলন, কেন্দ্রীয় কমিটি নিয়ে নতুন দাবি
এসকেনিউজ২৪ | সত্যের পথে কলমের সাথে | নেত্রকোনার খবরসহ দেশ-বিদেশের সর্বশেষ সংবাদে চোখ রাখুন
সম্পাদনা_দেলোয়ার হোসেন মাসুদ 


















