
ডেস্ক রিপোর্ট | এসকেনিউজ২৪
দেশজুড়ে দখলবাজি, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের অভিযোগের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। একই সঙ্গে এসব ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক জবাবদিহির আওতায় আনার পাশাপাশি ক্ষমতাসীন দলের পক্ষ থেকে সারা দেশে আত্মশুদ্ধির উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
রোববার (২৭ সেপ্টেম্বর) এক লিখিত বিবৃতিতে এ উদ্বেগের কথা জানায় টিআইবি।
সংস্থাটি বলছে, রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপির নেতা-কর্মীদের একাংশের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে দখলবাজি, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের অভিযোগ উঠছে। বাস টার্মিনাল, ফুটপাত, বাজার, জলমহাল, বালুমহাল, হাটবাজার, কেবল ও ইন্টারনেট ব্যবসাসহ বিভিন্ন খাতে এমন অভিযোগ পাওয়া যাচ্ছে।
টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, রাজনৈতিক পরিচয় বা সম্পৃক্ততার কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কার্যকর ব্যবস্থা নিতে না পারলে স্বেচ্ছাচারিতা, দুর্নীতি ও বিচারহীনতার সংস্কৃতি পুনঃপ্রতিষ্ঠার আশঙ্কা তৈরি হতে পারে।
সম্প্রতি রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, লুটপাট ও ভাঙচুর, কিশোরগঞ্জে জলমহাল দখলকে কেন্দ্র করে সংঘর্ষ এবং এক কনটেন্ট ক্রিয়েটরের কার্যালয়ে ভাঙচুরের ঘটনায়ও উদ্বেগ জানিয়েছে টিআইবি।
রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনায় পুলিশ নয়জনকে গ্রেপ্তার এবং লুট হওয়া দুই ট্রাক মালামাল উদ্ধারের কথা জানিয়েছে।
টিআইবির দাবি, এসব ঘটনা বিচ্ছিন্ন নয়; ২০২৪ সালের আগস্টের পর থেকে ঘটে চলা বিভিন্ন ঘটনার ধারাবাহিকতার অংশ। এসব ঘটনায় সরকারের বিভিন্ন ইতিবাচক উদ্যোগ ও সদিচ্ছা ম্লান হওয়ার পাশাপাশি জনগণের কাছে নেতিবাচক বার্তা যাচ্ছে বলেও মন্তব্য করেছে সংস্থাটি।
দখলবাজি ও চাঁদাবাজির অভিযোগে কোথাও কোথাও বহিষ্কারসহ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হলেও তা যথেষ্ট নয় বলে মনে করছে টিআইবি। সংস্থাটি প্রতিটি ঘটনার নিরপেক্ষ ও যথাযথ তদন্ত করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছে।
এসকে/এনএম
আরো পড়ুন : ভাবখালী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মুঞ্জুরুল ইসলামের পক্ষে মতবিনিময় সভা
সম্পাদনা_দেলোয়ার হোসেন মাসুদ 

























