
নিজস্ব প্রতিনিধি || এসকেনিউজ২৪
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালনরত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোমেনুল ইসলাম। তাঁর আকস্মিক মৃত্যুতে স্বাস্থ্য বিভাগ, সহকর্মী এবং স্থানীয়দের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
শনিবার (১ আগস্ট) সকালে হাসপাতালের একটি সভা শেষে তিনি অসুস্থ হয়ে পড়েন। কিছুক্ষণ পর রক্তবমি হলে প্রথমে তাঁকে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর আড়াইটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নেত্রকোনা জেলা সিভিল সার্জন ডা. গোলাম মাওলা বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, ডা. মোমেনুল ইসলামের বাড়ি কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায়। তিনি রাজশাহী মেডিকেল কলেজের ৩৩তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন এবং একজন সার্জন হিসেবে পরিচিত ছিলেন। ২০২৫ সালের মে মাসে তিনি মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে যোগদান করেন।
ময়মনসিংহ স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. প্রদীপ কুমার সাহা জানান, মরদেহ বর্তমানে হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে।
ডা. মোমেনুল ইসলামের অকাল মৃত্যুতে জেলা সিভিল সার্জন, মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক-কর্মকর্তা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা খাতুন গভীর শোক প্রকাশ করেছেন। তাঁর মৃত্যুতে স্বাস্থ্য বিভাগের অপূরণীয় ক্ষতি হয়েছে বলে শোকবার্তায় উল্লেখ করা হয়।
এসকে/এনএম
আরো পড়ুন : আটপাড়ায় তৌছিফুল ইসলাম তৌসিফের উদ্যোগে প্রেডিকশন কনটেস্টের পুরস্কার বিতরণ
সম্পাদনা_দেলোয়ার হোসেন মাসুদ 
















