
নিজস্ব প্রতিনিধি || এসকেনিউজ২৪
নেত্রকোনা শহরের বাংলা বাজার এলাকায় প্রাইভেটকারে করে ইয়াবা পাচারের সময় চারজন কথিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তাদের কাছ থেকে এক হাজার ১৯০ পিস ইয়াবা, মাদক বিক্রির ২২ হাজার ৫০০ টাকা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে নেত্রকোনা সদর উপজেলার বাংলা বাজার এলাকায় নেত্রকোনা-বারহাট্টা সড়কে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হক এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতার ব্যক্তিরা হলেন— সদর উপজেলার ঠাকরাকোনা ইউনিয়নের নওয়ানগর (এসডিও বাড়ি) এলাকার মৃত তোফাজ্জল হোসেনের ছেলে মো. সাখাওয়াত হোসেন সজিব (৩৯), নেত্রকোনা পৌরসভার মোক্তারপাড়া (মসজিদ কোয়ার্টার) এলাকার মৃত খোরশেদ আলমের ছেলে মো. সাইফুল ইসলাম ওরফে লিয়ন (৩৭), পশ্চিম মালনী এলাকার মৃত আল আমিন চৌধুরীর ছেলে মো. আল রিফাত চৌধুরী জয় (২২) এবং একই এলাকার মো. আব্দুল্লাহ আল মামুনের ছেলে মাহমুদুল হাসান রাফি (২২)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, ময়মনসিংহ বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাওসারুল হাসান রনির নেতৃত্বে পরিচালিত অভিযানে সন্দেহভাজন একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে গাড়ির ভেতর থেকে এক হাজার ১৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক বিক্রির নগদ ২২ হাজার ৫০০ টাকা জব্দ এবং প্রাইভেটকারটি জব্দ করা হয়।
এ ঘটনায় ডিএনসির পরিদর্শক খন্দকার ইকবাল হোসেন বাদী হয়ে নেত্রকোনা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
ডিএনসির সহকারী পরিচালক জানান, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। মাদক কারবারিদের আইনের আওতায় আনতে এবং যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এসকে/এনএম
আরো পড়ুন : কেন্দুয়ায় নারীর অসামাজিক কর্মকাণ্ড ঘিরে স্থানীয়দের অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবী
সম্পাদনা_দেলোয়ার হোসেন মাসুদ 



















