
নিজস্ব প্রতিনিধি | এসকেনিউজ২৪
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার সাউদপাড়া বিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকায় রাস্তার জায়গা নিয়ে স্থানীয়দের সঙ্গে আবুল আক্কাস মাস্টারের বিরোধের অবসান হয়েছে। উভয় পক্ষের মধ্যে সমঝোতার ভিত্তিতে রাস্তার জন্য নির্ধারিত জায়গা রেখে দেয়াল নির্মাণের কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন আবুল আক্কাস মাস্টার।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে তিনি এ তথ্য জানান।
এর আগে রাস্তার জায়গা দখল করে দেয়াল নির্মাণের অভিযোগে স্থানীয়রা উপজেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগের পর প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করে নির্মাণাধীন দেয়াল অপসারণের নির্দেশ দেওয়া হয়। পরে প্রশাসনের নির্দেশনা অনুযায়ী আবুল আক্কাস মাস্টার নির্মাণাধীন দেয়ালটি ভেঙে ফেলেন।
আবুল আক্কাস মাস্টার জানান, নির্মাণাধীন দেয়াল ভেঙে ফেলায় তার প্রায় দুই লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। পরবর্তীতে স্থানীয় প্রতিপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টি সমঝোতায় নিষ্পত্তি হয়। সমঝোতা অনুযায়ী রাস্তার জন্য সোয়া এক ফুট জায়গা রেখে পুনরায় দেয়াল নির্মাণের কাজ শুরু করা হয়েছে।
তিনি বলেন, অভিযোগের পর প্রশাসনের নির্দেশে আমার নির্মাণাধীন দেয়াল ভেঙে ফেলতে হয়েছিল। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়। পরে প্রতিপক্ষের সঙ্গে আলোচনা করে সমঝোতা হয়েছে। এখন রাস্তার জন্য সোয়া এক ফুট জায়গা রেখে দেয়াল নির্মাণ করছি।
স্থানীয়রা জানান, রাস্তার চলাচল স্বাভাবিক রাখা এবং উভয় পক্ষের বিরোধ নিরসনে আলোচনার মাধ্যমে সমাধান হওয়ায় বিষয়টি বর্তমানে আর বিরোধের পর্যায়ে নেই।
তবে তাৎক্ষণিকভাবে অভিযোগকারীদের বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে কেন্দুয়া পৌর কর্তৃপক্ষ জানায়, অভিযোগ পাওয়ার পর বিষয়টি তাদের নজরে আসে। পরবর্তীতে উভয় পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে বলে তারা জানতে পেরেছেন।
এসকে/এনকে
আরো পড়ুন : ছাতকে প্রথমবার ‘মাস্টার হাবিবুর রহমান প্রাথমিক মেধা বৃত্তি পরীক্ষা’
সম্পাদনা_দেলোয়ার হোসেন মাসুদ 



















