
নিজস্ব প্রতিনিধি || এসকেনিউজ২৪
নেত্রকোনা সদর উপজেলার কান্দুলিয়া এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মো. এনামুল হক (৪৬) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে নেত্রকোনা-মোহনগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত এনামুল হক বারহাট্টা উপজেলার সিংধা ইউনিয়নের ভাটিপাড়া গ্রামের আমির হোসেনের ছেলে। তিনি এলাকায় শুঁটকির ব্যবসার পাশাপাশি ঢাকায় পারিবারিক ব্যবসার সঙ্গেও যুক্ত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ব্যবসায়িক কাজে কয়েকদিন আগে ঢাকায় গিয়েছিলেন এনামুল। বৃহস্পতিবার ভোরে বাসযোগে ঢাকা থেকে নেত্রকোনায় এসে সিএনজিচালিত অটোরিকশায় করে মোহনগঞ্জের উদ্দেশে রওনা দেন তিনি। পথিমধ্যে সদর উপজেলার কান্দুলিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষের তীব্রতায় অটোরিকশাটি সড়ক থেকে ছিটকে পাশের ক্ষেতে পড়ে যায়। এতে এনামুল হক মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের স্বজন আবদুল কাসেম আজাদ জানান, দ্রুত বাড়ি ফেরার উদ্দেশ্যে ট্রেনের পরিবর্তে বাসে করে ঢাকা থেকে রওনা দিয়েছিলেন এনামুল। কিন্তু বাড়ি পৌঁছানোর আগেই সড়ক দুর্ঘটনায় তাঁর প্রাণহানি ঘটে।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, দুর্ঘটনায় জড়িত পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে। তবে উভয় চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। তাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।
এসকে/এনএম
সম্পাদনা_দেলোয়ার হোসেন মাসুদ 
















