
নিজস্ব প্রতিনিধি || এসকেনিউজ২৪
লক্ষ্মীপুরে নকল ঘি, প্রসাধনী ও নিম্নমানের খাদ্যপণ্যের বিরুদ্ধে পৃথক অভিযানে এক ব্যবসায়ীকে তিন মাসের কারাদণ্ড এবং অপর এক ডিলারকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ও রাতে শহরের দক্ষিণ তেমুহনী সংলগ্ন সমসেরাদ গ্রামের সাহাবাড়ি ও শাখারী পাড়া এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর তথ্যের ভিত্তিতে জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও র্যাব-১১ নোয়াখালী ক্যাম্পের সহযোগিতায় অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দক্ষিণ তেমুহনী এলাকায় একটি গোডাউন ভাড়া নিয়ে রাজকুমার চৌধুরী নকল ঘি ও বিভিন্ন ধরনের প্রসাধনী বিক্রি করে আসছিলেন। অভিযানে তার গোডাউন থেকে সুমন ব্র্যান্ডের ৬৫ কার্টন, টগর ব্র্যান্ডের ৩৬ কার্টন ও লেবেলবিহীন ৮ কার্টন নকল ঘি উদ্ধার করা হয়। পাশাপাশি বিভিন্ন ধরনের নকল কসমেটিকস পণ্যও জব্দ করা হয়।
পরে উদ্ধার করা নকল ঘি ঘটনাস্থলেই বিনষ্ট করা হয় এবং কসমেটিকস পণ্য জব্দ করা হয়। এ ঘটনায় রাজকুমার চৌধুরীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে। তিনি রায়পুর পৌরসভার দেনায়েতপুর এলাকার আকুল চন্দ্র চৌধুরীর ছেলে।
অন্যদিকে, রাতে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের শাখারী পাড়ায় এসআর ব্রাদার্স নামের একটি খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে নিম্নমানের ও অনুমোদনহীন খাদ্যপণ্য বিভিন্ন দোকানে সরবরাহের অভিযোগের সত্যতা পাওয়া যায়।
এ ঘটনায় নিরাপদ খাদ্য আইনে প্রতিষ্ঠানটির ডিলার সুমন চন্দ্র সাহাকে এক লাখ টাকা জরিমানা করা হয়। তিনি ওই এলাকার অনন্ত কুমার সাহার ছেলে। অভিযানকালে সয়াবিন, সরিষার তেল ও চিনিগুড়া চালসহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা বলেন, রাজকুমার তার প্রতিষ্ঠান থেকে বিভিন্ন দোকানে নকল ঘি সরবরাহ করতেন। অভিযানে নকল ঘি ও কসমেটিকস জব্দ করা হয়েছে। অপরদিকে, সুমন চন্দ্র সাহা মানহীন ও নিম্নমানের পণ্য বাজারে সরবরাহ করায় তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জব্দ করা পণ্যের প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শন করা হলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমধু চক্রবর্তী, সদর পরিদর্শক তাজুল ইসলাম, কমলনগর পরিদর্শক মোহাম্মদ রিয়াজ উদ্দিন, রামগতি পরিদর্শক আবুল হাসনাত এবং লক্ষ্মীপুর পৌরসভার নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মদ আব্দুল্লাহ হিল হাকিম উপস্থিত ছিলেন।
এসকে/এনএম
আরো পড়ুন : অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে যশোরে ৪ জন আটক
সম্পাদনা_দেলোয়ার হোসেন মাসুদ 

















