
মোঃ ইকবাল কবির :
নেত্রকোনার মোহনগঞ্জে পরিচিত মুখ, ডান পায়ে পচন ধরা সেই অজ্ঞাতনামা অসুস্থ ব্যক্তির চিকিৎসা চলছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক)। হাসপাতালের সার্জারি বিভাগের ৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ওই ব্যক্তির শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। ক্ষতস্থান থেকে দুর্গন্ধও আগের তুলনায় অনেক কমেছে।
রোববার (২৫ অক্টোবর) রাতে হাসপাতাল পরিদর্শনকালে তার শারীরিক অবস্থার এ অগ্রগতির বিষয়টি জানা যায়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, রোগীর উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় দুটি পরীক্ষা সরকারি ব্যবস্থাপনায় সম্পন্ন করার প্রক্রিয়া চলছে। এ-সংক্রান্ত নথি ইতিমধ্যে হাসপাতালের উপপরিচালক ডা. জাকিরুল ইসলামের কাছে পাঠানো হয়েছে। অনুমোদন ও স্বাক্ষর সম্পন্ন হওয়ার পর পরীক্ষার ফলাফলের ভিত্তিতে তার পায়ে পরবর্তী অস্ত্রোপচারের কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সমাজসেবা কর্মকর্তা ফাতেমাতু জহুরা জানিয়েছেন, রোগীর সুচিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষ ও সমাজসেবা কার্যালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রয়েছে।
তবে চিকিৎসা চললেও এখনো ওই ব্যক্তির প্রকৃত পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। স্থানীয়দের ধারণা, তার বাড়ি বরিশাল অঞ্চলে হতে পারে। পরিচয়হীন এই মানুষটির স্বজনদের খুঁজে বের করতে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।
কোনো ব্যক্তি তার পরিচয় বা পরিবারের সন্ধান পেয়ে থাকলে সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে। স্বজনদের সন্ধান মিললে তার পরিবারের কাছে ফিরে যাওয়ার পথও সুগম হতে পারে।
মানবিক বিবেচনায় অসুস্থ এই ব্যক্তির পাশে দাঁড়াতে এবং তার স্বজনদের খুঁজে পেতে দেশবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করেছেন সংশ্লিষ্টরা।
এসকে/এনআই
আরও পড়ুনঃ কেন্দুয়ায় কায়সারের উদ্যোগে সপ্তমবারের মতো ইসলামী সম্মেলন, মুসল্লিদের ঢল
এসকেনিউজ২৪ | মানবিকতার পাশে, মানুষের জন্য। সত্যের পথে কলমের সাথে । দেশ-বিদেশের সর্বশেষ সংবাদে চোখ রাখুন
সম্পাদনা_দেলোয়ার হোসেন মাসুদ 



















One thought on “মোহনগঞ্জের সেই অজ্ঞাতনামা অসুস্থ ব্যক্তির চিকিৎসা চলছে মমেক হাসপাতালে”