
কোহিনূর আলম, নিজস্ব প্রতিনিধি | এসকেনিউজ২৪
নেত্রকোণার কেন্দুয়ায় যত্রতত্র গাড়ি পার্কিং, পৌরসভার রাস্তা দখল এবং খেলার মাঠে অবৈধ দোকান ও গাড়ি পার্কিংয়ের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বাসস্ট্যান্ড মোড়, খেলার মাঠ ও চিরাং মোড়ে এ অভিযান চালানো হয়।
অভিযানে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৯০ ধারায় একটি, দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারায় একটি এবং স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর ১০৯ ধারায় একটি—মোট তিনটি পৃথক মামলা করা হয়। এসব মামলায় মোট ১ হাজার ৪০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. নাঈম-উল ইসলাম চৌধুরী। এ সময় কেন্দুয়া থানা পুলিশের সদস্য ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জনসাধারণকে আইন মেনে চলার এবং সড়ক ও জনসাধারণের চলাচলের স্থান দখল করে পার্কিং না করার আহ্বান জানানো হয়েছে। জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে বলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।
এসকে/এনকে
আরো পড়ুন : ভাঙ্গায় ফ্লাইওভারের রেলিংয়ে পিকআপের ধাক্কা, গুরুতর আহত ২
সম্পাদনা_দেলোয়ার হোসেন মাসুদ 



















