
উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি || এসকেনিউজ২৪
নড়াইল সদর উপজেলার সিংগাশোলপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৮ পিস ইয়াবাসহ মো. সাব্বির মোল্লা (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতে তাকে এক বছরের কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতের বিচারক জান্নাতুল নাঈম এ দণ্ডাদেশ দেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মির্জাপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মফিজ মোল্লার তত্ত্বাবধানে এএসআই নাহিদ নিয়াজ, এএসআই রমজান আলী হাওলাদার ও সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করেন। এ সময় নড়াইল সদর থানার ৯ নম্বর সিংগাশোলপুর ইউনিয়নের কালীপ্রসন্ন মাধ্যমিক বিদ্যালয়ের সামনে সিংগাশোলপুর বাজার-বড়কুলাগামী পাকা সড়ক থেকে সাব্বির মোল্লাকে ২৮ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সাব্বির মোল্লা শোলপুর গ্রামের হাবিবার মোল্লার ছেলে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এসকে/এনইউ
আরো পড়ুন : নেত্রকোনায় বন কর্মকর্তার কার্যালয় থেকে রাতের আঁধারে গাছ পাচারের অভিযোগ
সম্পাদনা_দেলোয়ার হোসেন মাসুদ 


















One thought on “নড়াইলে ইয়াবাসহ যুবক গ্রেফতার, এক বছরের কারাদণ্ড”