
মুহাম্মদ এমরান, লামা (বান্দরবান) প্রতিনিধি:
বান্দরবানের লামা উপজেলার ৩ নম্বর ফাঁসিয়াখালী ইউনিয়নে বজ্রপাতে এক মাদ্রাসাছাত্র ও এক স্কুলের দপ্তরির মৃত্যু হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) বিকেল ৫টা থেকে সাড়ে ৫টার মধ্যে ইউনিয়নের ২ ও ৫ নম্বর ওয়ার্ডে পৃথক এ ঘটনা ঘটে। দুইজনের মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
নিহতরা হলেন, ফাঁসিয়াখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হ্লাথুই পাড়া (বর্তমান হেডম্যান পাড়া) এলাকার খিয়াং চি মারমার ছেলে মং প্রু মারমা (৪০) এবং ৫ নম্বর ওয়ার্ডের বড়ছনখোলা পূর্বপাড়া এলাকার মোহাম্মদ ছাদেকের ছেলে মোহাম্মদ সজিব (১১)।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেল ৫টা থেকে সাড়ে ৫টার মধ্যবর্তী সময়ে মং প্রু মারমা হেডম্যান পাড়ায় যাওয়ার পথে বজ্রপাতের শিকার হন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তিনি নাইক্ষ্যংমুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি পদে কর্মরত ছিলেন। তাঁর মায়ের নাম মাবু মারমানি।
অন্যদিকে, একই সময়ে ফাঁসিয়াখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বড়ছনখোলা এলাকায় বাড়ির বাইরে খেলাধুলা করার সময় বজ্রপাতে আহত হয় শিশু মোহাম্মদ সজিব। পরে তাকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সজিব বড় ছনখোলা তালিবুল কুরআন নূরানী মাদ্রাসার ছাত্র ছিল। তার মায়ের নাম বেবী আক্তার।
একই ইউনিয়নে বজ্রপাতে এক স্কুলকর্মী ও এক শিশুশিক্ষার্থীর এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার-পরিজন, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের আবহ বিরাজ করছে।
একই দিনে পৃথক বজ্রপাতের ঘটনায় দুইজনের প্রাণহানি স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফাঁসিয়াখালী ইউনিয়নের কুমারী পুলিশ ক্যাম্পের আইসি এসআই জামিল আহমেদ।
এসকে/বিএ
আরও পড়ুন : মাদক প্রতিরোধে ও সচেতনতা বৃদ্ধিতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে- ডিসি সাইফুর রহমান
এসকেনিউজ২৪ | সত্যের পথে কলমের সাথে |দেশ-বিদেশের সর্বশেষ সংবাদে চোখ রাখুন
সম্পাদনা_দেলোয়ার হোসেন মাসুদ 


















