
নিজস্ব প্রতিনিধি :
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যা মামলায় চার্জশিট দাখিল করেছে পুলিশ। গত ২০ অক্টোবর দাখিল করা চার্জশিটে তিনজনকে সরাসরি অভিযুক্ত করা হয়েছে। এ ছাড়া হত্যার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে আরও একজনের বিরুদ্ধে।
শুক্রবার (২৩ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) লুৎফর রহমান।
তদন্তে উঠে এসেছে, গত ১৮ সেপ্টেম্বর লালমাই পাহাড়সংলগ্ন সানন্দা এলাকার নির্জন বনে অপ্রতিমের মোবাইল ফোন ছিনিয়ে নিতে বাধা দেওয়ায় তাকে বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত করা হয়। এতে তার মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় সাইফুল ইসলাম তুহিন, মোজাফ্ফর হোসেন ফাহাদ ও কামরুল হাসানকে সরাসরি অভিযুক্ত করা হয়েছে। হত্যার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে সিয়ামের বিরুদ্ধে।
পুলিশ জানায়, মরদেহ উদ্ধারের পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তুহিনকে শনাক্ত করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ফাহাদ ও কামরুলকে আটক করা হয়। তুহিনের বাসা থেকে অপ্রতিমের ব্যবহৃত মোবাইল ফোনও উদ্ধার করা হয়।
অপ্রতিম কুমিল্লার বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। ছেলেকে হারিয়ে দ্রুত বিচার ও আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার। বয়সের কারণে যেন আসামিরা শাস্তি এড়িয়ে যেতে না পারে, সে বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।
এসকে/এনএম
আরো পড়ুন : ভাঙ্গায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
এসকেনিউজ২৪ | সত্যের পথে কলমের সাথে | দেশ-বিদেশের সর্বশেষ সংবাদে চোখ রাখুন
সম্পাদনা_দেলোয়ার হোসেন মাসুদ 



















One thought on “কুমিল্লায় আলোচিত শিশু অপ্রতিম হত্যা মামলায় চার্জশিট”