
নিজস্ব প্রতিনিধি | এসকেনিউজ২৪
নেত্রকোণার কলমাকান্দা উপজেলা নির্বাচন অফিসে আবারও দুই রোহিঙ্গা নাগরিকের বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরির অভিযোগ উঠেছে। এর মধ্যে একজনের এনআইডি ইতোমধ্যে হস্তান্তর করা হয়েছে। অপরজনের তথ্য সার্ভারে আপলোডের পর বিষয়টি জানাজানি হলে এনআইডি হস্তান্তর বন্ধ রাখা হয়েছে।
অভিযোগ রয়েছে, উপজেলার রংছাতি ইউনিয়নের শান্তিনগর গ্রামের বাসিন্দা দেখিয়ে নূর হালিমা (২৫) ও মুজিবুর রহমান নামে দুজনের এনআইডি তৈরির প্রক্রিয়া সম্পন্ন করা হয়। সংশ্লিষ্ট সূত্রের দাবি, গত ১১ আগস্ট রাতে কলমাকান্দা নির্বাচন অফিসের আইডি ব্যবহার করে তাঁদের প্রয়োজনীয় কাগজপত্র সার্ভারে আপলোড করা হয়।
নূর হালিমার এনআইডিতে বাবার নাম হিসেবে শান্তিনগর গ্রামের ওমর আলী এবং মায়ের নাম হিসেবে শরীফা খাতুনের নাম উল্লেখ করা হয়েছে। তবে ওমর আলী জানিয়েছেন, নূর হালিমা নামে তাঁর কোনো সন্তান নেই। তিনি তাঁর চার সন্তানের নামও জানিয়েছেন।
এ ঘটনায় স্থানীয় পর্যায়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একই সঙ্গে প্রশ্ন উঠেছে, স্থানীয় বাসিন্দার পরিচয় যাচাইয়ের পরও কীভাবে রোহিঙ্গা নাগরিকদের নামে জাতীয় পরিচয়পত্র তৈরির প্রক্রিয়া এতদূর এগিয়ে গেল।
কলমাকান্দা উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জিল্লুর রহমান বলেন, তদন্ত করে দেখা গেছে, ওই দুই ব্যক্তির এনআইডিতে দেওয়া পরিচয়ের সঙ্গে স্থানীয় বাস্তবতার মিল নেই। ভুয়া তথ্য ব্যবহার করে এনআইডি তৈরির বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।
জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেন বলেন, এর আগেও একই ধরনের ঘটনা ঘটেছে। এবারও বিষয়টি তদন্ত করা হচ্ছে। কোনো ছাড় দেওয়া হবে না এবং সংশ্লিষ্টদের শাস্তির আওতায় আনা হবে।
এর আগে গত ২০ জুলাই একই নির্বাচন অফিসে রোহিঙ্গাদের এনআইডি তৈরির অভিযোগে আউটসোর্সিংয়ে কর্মরত তিনজনকে চাকরিচ্যুত করা হয়। একই ঘটনায় তৎকালীন উপজেলা নির্বাচন কর্মকর্তাকেও বদলি করা হয়েছিল।
ওই ঘটনার কয়েক মাসের মধ্যেই ফের দুই রোহিঙ্গার এনআইডি তৈরির অভিযোগ ওঠায় কলমাকান্দা উপজেলা নির্বাচন অফিসের এনআইডি নিবন্ধন ও তথ্য যাচাই প্রক্রিয়া নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে।
এদিকে সংশ্লিষ্টরা বলছেন, জাতীয় পরিচয়পত্রের মতো গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় নথি তৈরির প্রক্রিয়ায় এমন অনিয়মের অভিযোগের সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি।
এসকে/এনএম
আরো পড়ুন : রাতের আঁধারে পুলিশের অভিযান : দূর্গাপুরে মালিকবিহীন অবৈধ কম্বল জব্দ
সম্পাদনা_দেলোয়ার হোসেন মাসুদ 



















