
কোহিনূর আলম, নিজস্ব প্রতিনিধি | এসকেনিউজ২৪
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে নেত্রকোণার কেন্দুয়ায় সাংবাদিকদের জন্য আয়োজিত ‘মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং’ বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে সংক্ষিপ্ত আলোচনা ও সনদ বিতরণের মধ্য দিয়ে প্রশিক্ষণ কর্মশালার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর মহাপরিচালক ফারুক ওয়াসিফ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মো. নাঈম-উল ইসলাম চৌধুরী, পিআইবি প্রশিক্ষক ও সমন্বয়কারী জিলহাস উদ্দীন রিপন এবং নান্দাইল উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. এনামুল হক বাবুল।
কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি মো. সেকুল ইসলাম খানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল হাই সেলিম, উপজেলা মিডিয়া ক্লাবের সভাপতি সমরেন্দ্র বিশ্বশর্মা, আটপাড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. মাকসুদুল হক এবং মদন রিপোর্টার্স ক্লাবের সভাপতি নুরুল হক নুরু।
তিন দিনব্যাপী প্রশিক্ষণে সাংবাদিকদের আধুনিক গণমাধ্যমে মাল্টিমিডিয়া কনটেন্ট তৈরি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের কৌশল, তথ্য যাচাই এবং ভুয়া তথ্য শনাক্তকরণ বা ফ্যাক্ট চেকিং বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী প্রযুক্তিনির্ভর সাংবাদিকতার যুগে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি দায়িত্বশীল ও তথ্যনির্ভর সংবাদ পরিবেশনের আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে পিআইবি মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন, ডান-বামের যেকোনো ধরনের ফ্যাসিস্ট মোকাবেলায় সাংবাদিকরা কাজ করবে। গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। যদিও সামাজিক যোগাযোগমাধ্যমসহ কনটেন্ট ক্রিয়েটররা একটি গবেষণায় পঞ্চম স্থান দখল করে নিয়েছে। তাই সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি ও সময়োপযোগী করে তুলতে পিআইবি বিভিন্ন উপজেলায় প্রশিক্ষণের আয়োজন করে থাকে।
এ সময় প্রশিক্ষক আবু সুফিয়ান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিন আহমেদ খোকনসহ কেন্দুয়া, মদন, আটপাড়া ও ময়মনসিংহের নান্দাইল উপজেলার প্রশিক্ষণে অংশ নেওয়া ৩৫ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।
এর আগে গত ৩০ সেপ্টেম্বর তিন দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার সানজিদা চৌধুরী।
এসকে/এনকে
আরো পড়ুন : সাঘাটায় পাওনা টাকা ও জমি নিয়ে বিরোধ, সংবাদ সম্মেলনে প্রতিবাদ
সম্পাদনা_দেলোয়ার হোসেন মাসুদ 




















One thought on “দায়িত্বশীল সাংবাদিকতায় এআই ও ফ্যাক্ট চেকিং, কেন্দুয়ায় প্রশিক্ষণ সমাপ্ত”