
কোহিনূর আলম, নিজস্ব প্রতিনিধি |এসকেনিউজ২৪
‘সাহিত্য সংস্কৃতি ঐতিহ্যের সন্ধানে, আমরা মিশি প্রাণে প্রাণে’—এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোণার কেন্দুয়ায় ‘সু-শিক্ষাই দেখাবে আলোর পথ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত কেন্দুয়া প্রেসক্লাব মিলনায়তনে কেন্দুয়া লোকজ সাহিত্য আসরের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসেন। আলোচক হিসেবে বক্তব্য দেন, সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুখলেছুর রহমান বাঙ্গালী এবং সায়মা শাহজাহান একাডেমির প্রধান শিক্ষক মো. শহীদুল ইসলাম ভূইয়া।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কবি ও চারণ সাংবাদিক, কেন্দুয়া উপজেলা মিডিয়া ক্লাবের সভাপতি সমরেন্দ্র বিশ্বশর্মা। সঞ্চালনা করেন, কবি ও সংবাদকর্মী, দৈনিক মানবকণ্ঠের কেন্দুয়া উপজেলা প্রতিনিধি মো. রুকন উদ্দিন।
আলোচনায় বক্তারা বলেন, ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের উন্নয়নের অন্যতম প্রধান হাতিয়ার হলো সুশিক্ষা। শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা নয়, নৈতিকতা, মানবিক মূল্যবোধ, শৃঙ্খলা ও দেশপ্রেমের সমন্বয়ে গড়ে ওঠা সুশিক্ষাই একজন মানুষকে আলোকিত ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে পারে।
তারা বলেন, তরুণ প্রজন্মকে মাদক, অসামাজিক কর্মকাণ্ড ও বিভিন্ন অপকর্ম থেকে দূরে রেখে আলোর পথে এগিয়ে নিতে শিক্ষক, অভিভাবক ও সমাজের সবাইকে সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে। দেশ ও জাতিকে গড়ে তুলতে হলে পরিবারের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ, পরিবারই শিশুর প্রথম শিক্ষাপ্রতিষ্ঠান এবং সুশিক্ষার প্রধান সূতিকাগার।
অনুষ্ঠানে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহ্বায়ক মো. নুরুল হক ভূঞা, কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও গীতিকবি মো. আব্দুল হাই সেলিম, কবি, গীতিকার ও শিক্ষক মো. শাহাবুল কবীর ভূঞা, বাংলা একাডেমির লোকসংগ্রাহক মো. আবুল বাশার তালুকদার, উপজেলা জাসাসের আহ্বায়ক মো. গোলাম মোস্তফা হাবুল, কবি ও সাংবাদিক মো. মহিউদ্দিন সরকার, কবি জুনাইদুল হক মারুফসহ সাহিত্য-সংস্কৃতিপ্রেমী, শিক্ষক, সংবাদকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এসকে/এনকে
আরো পড়ুন : ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আনিছুর রহমান অনুকূলের দোয়া ও সমর্থন চেয়ে গণসংযোগ
সম্পাদনা_দেলোয়ার হোসেন মাসুদ 



















