
নিজস্ব প্রতিনিধি | এসকেনিউজ২৪
নেত্রকোনার পূর্বধলায় ব্যস্ত বাজারের মধ্যে পিস্তল দিয়ে ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ উঠেছে জেলা তাঁতী দলের সহ-সম্পাদক ও খলিশাউড় ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আবু বকর সিদ্দিক ওরফে হাজী সিদ্দিকের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় পূর্বধলা উপজেলার ইচুলিয়া বাজারে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি পিস্তলের গুলির খোসা উদ্ধার করেছে। একই সঙ্গে অভিযুক্তের সন্ধান ও অস্ত্র উদ্ধারে অভিযান চালানো হয়েছে।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি পিস্তলের গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
ওসি বলেন, গুলির ঘটনায় আবু বকর সিদ্দিকের নাম এসেছে। তার নামে কোনো অস্ত্রের লাইসেন্স নেই বলে প্রাথমিকভাবে জানা গেছে। অস্ত্র উদ্ধার ও তাকে আটকের চেষ্টা চলছে।
স্থানীয়দের অভিযোগ, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে খলিশাউড় ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে এলাকায় প্রচারণা চালিয়ে আসছেন আবু বকর সিদ্দিক। সম্প্রতি খলাপাড়া শেখবাড়ী জামে মসজিদে মাইক কেনার জন্য তিনি ৪ হাজার টাকা অনুদান দেন। পরে একই কাজে অপর চেয়ারম্যান প্রার্থী মাসুদ ৫ হাজার টাকা অনুদান দেন। এ নিয়ে সিদ্দিক মসজিদ কমিটির সদস্যদের কাছে ভোটের বিষয়ে জানতে চান বলে অভিযোগ রয়েছে। একপর্যায়ে তার দেওয়া টাকা ফেরত চাইলে মসজিদ কমিটি তা ফেরত দেয়।
এরপর সিদ্দিক তার লাগানো ব্যানারে কেউ হাত না দেওয়ার জন্য হুমকি দেন বলে স্থানীয়দের দাবি। পরে তিনি ইচুলিয়া বাজারের মধ্যে গিয়ে পিস্তল বের করে ফাঁকা গুলি ছোড়েন বলে অভিযোগ ওঠে। এতে বাজারে উপস্থিত লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার খবর পেয়ে পূর্বধলা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলির খোসাটি উদ্ধার করে। পাশাপাশি তার ছোট ভাই কনটেন্ট ক্রিয়েটর আল আমিনের পূর্বধলা বাজারের স্টেশন রোডের বাসাতেও পুলিশ তল্লাশি চালিয়েছে বলে জানা গেছে।
স্থানীয় কয়েকজনের দাবি, আবু বকর সিদ্দিক জেলা তাঁতী দলের সঙ্গে যুক্ত এবং এলাকায় রাজনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টা করছেন।
তবে এসব অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে আবু বকর সিদ্দিকের মোবাইলফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়।
জেলা তাঁতী দলের সভাপতি সাইফুদ্দীন আহমেদ লেলিন আবু বকর সিদ্দিকের দলীয় পদে থাকার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আবু বকর সিদ্দিক যদি এমন ঘটনা ঘটিয়ে থাকেন এবং তদন্তে ঘটনার সত্যতা পাওয়া যায়, তাহলে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অবহিত করে তার বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং অভিযুক্তকে আটকের পাশাপাশি অস্ত্র উদ্ধারের চেষ্টা চলছে।
এসকে/এনএম
আরো পড়ুন : মধ্যরাত থেকে বাড়ছে জ্বালানি তেলের দাম, ডিজেল ১৩৫, পেট্রোল ১৬০ ও অকটেন ১৬৫ টাকা
সম্পাদনা_দেলোয়ার হোসেন মাসুদ 



















