
নিজস্ব প্রতিনিধি || এসকেনিউজ২৪
“মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোণায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, নেত্রকোণার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকার। সভাপতিত্ব করেন স্থানীয় সরকারের উপপরিচালক (ভারপ্রাপ্ত) ও নেত্রকোণা পৌরসভার প্রশাসক মুনমুন জাহান লিজা। এছাড়া অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এবং জেলার বিভিন্ন মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা সাক্ষরতার গুরুত্ব ও এর বহুমাত্রিক প্রভাব নিয়ে আলোচনা করেন। তারা বলেন, সাক্ষরতা কেবল পড়তে ও লিখতে পারার সক্ষমতার মধ্যে সীমাবদ্ধ নয়; এটি মানুষের সচেতনতা, ক্ষমতায়ন, আত্মনির্ভরতা এবং টেকসই উন্নয়নের অন্যতম ভিত্তি।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান বলেন, শিক্ষিত ও সচেতন জনগোষ্ঠী মানবিক মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনের পাশাপাশি পরিবেশ ও পৃথিবী রক্ষা এবং অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই পিছিয়ে পড়া ও নিরক্ষর জনগোষ্ঠীকে শিক্ষার মূলধারায় সম্পৃক্ত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
তিনি বৈষম্যহীন, জ্ঞানভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান।
এসকে/এনএম
আরো পড়ুন : নড়াইলে ১০ বছরের মাদরাসাছাত্রকে বলাৎকার, শিক্ষকের যাবজ্জীবন
সম্পাদনা_দেলোয়ার হোসেন মাসুদ 




















One thought on “নেত্রকোণায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত, শিক্ষার মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান”