
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি || এসকেনিউজ২৪
নড়াইলে ১০ বছর বয়সী এক মাদরাসাছাত্রকে বলাৎকারের মামলায় মেরাজ আলী (২৫) নামে এক শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ আদায় করে ভুক্তভোগী শিশুর পরিবারকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে নড়াইলের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক শেখ ছামিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত মেরাজ আলী চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার রুদ্রপুর কালিয়াবকরি গ্রামের বাসিন্দা।
মামলার বিবরণ থেকে জানা যায়, নড়াইল পৌরসভা এলাকার একটি মাদরাসায় গত বছরের ১০ জুলাই রাতে ওই ছাত্রকে নিজ কক্ষে ডেকে নিয়ে বলাৎকার করেন মেরাজ আলী। পরে বিষয়টি কাউকে না জানাতে শিশুটিকে ভয়ভীতি দেখানো হয়। পরবর্তীতে ওই শিক্ষক একাধিকবার তাকে বলাৎকার করেছেন বলে শিশুটি তার মাকে জানায়।
ঘটনাটি জানাজানি হলে মেরাজ আলী পালিয়ে যান। পরে ১২ জুলাই স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা নড়াইল সদর থানায় মামলা করেন।
নড়াইলের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) আজিবুর রহমান আজিজ জানান, আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ৩ লাখ টাকা জরিমানা করেছেন। জরিমানার অর্থ ভুক্তভোগী শিশুর পরিবারকে দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
এসকে/এনইউ
আরো পড়ুন : নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের পরিবহণে নতুন সংযোজন, শিক্ষকদের সঙ্গে উপাচার্যের মতবিনিময়
সম্পাদনা_দেলোয়ার হোসেন মাসুদ 




















One thought on “নড়াইলে ১০ বছরের মাদরাসাছাত্রকে বলাৎকার, শিক্ষকের যাবজ্জীবন”