
নিজস্ব প্রতিনিধি || এসকেনিউজ২৪
ডেঙ্গুর বিস্তার ঠেকাতে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষকে সম্পৃক্ত করে দেশজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রম আরও জোরদারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (০৬ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে ডেঙ্গু পরিস্থিতি ও করণীয় নিয়ে অনুষ্ঠিত এক সভায় তিনি এ নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু বিষয়টি সাংবাদিকদের জানান।
সভায় প্রধানমন্ত্রী বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি সংস্থার ওপর নির্ভর না করে স্থানীয় পর্যায়ে জনগণের অংশগ্রহণ বাড়াতে হবে। বাড়িঘর ও আশপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ, ময়লা-আবর্জনা পরিষ্কার এবং মশার প্রজননস্থল ধ্বংসের বিষয়ে ব্যাপক সচেতনতা তৈরি করতে হবে।
পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রমে দুর্যোগ ব্যবস্থাপনা স্বেচ্ছাসেবকদের পাশাপাশি বিএনসিসি, রোভার স্কাউট ও রেড ক্রিসেন্টের কর্মীদের সম্পৃক্ত করার নির্দেশ দেন তিনি। এসব সংগঠনের সদস্যদের মাধ্যমে স্থানীয় জনগণকে যুক্ত করে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।
সভায় উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীদের চিকিৎসা ও রোগী ব্যবস্থাপনার সক্ষমতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। হাসপাতালে ভর্তি রোগীদের ব্যবহারের জন্য মশারি সরবরাহের বিষয়টি গুরুত্ব পায়, যাতে আক্রান্ত রোগীকে কামড়ানো মশার মাধ্যমে অন্যদের মধ্যে ডেঙ্গু ছড়িয়ে পড়ার ঝুঁকি কমানো যায়।
সভায় নেওয়া সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “মাঠে এর প্রতিফলন থাকতে হবে।”
ডেঙ্গু মোকাবিলায় প্রতিরোধমূলক কার্যক্রমকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেন তিনি। পাশাপাশি পরিচ্ছন্নতা অভিযানে সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করতে জনসচেতনতা কার্যক্রম আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন।
এসকে/এনএম
আরো পড়ুন : কেন্দুয়ার ঐতিহাসিক গহর মাঝির দিঘী রহস্যের এক জীবন্ত সাক্ষী
সম্পাদনা_দেলোয়ার হোসেন মাসুদ 

















