
নিজস্ব প্রতিনিধি || এসকেনিউজ২৪
নেত্রকোনার পূর্বধলায় মাজারগামী একটি পিকআপভ্যান ও সারবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার নারান্দিয়া এলাকায় নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সারবোঝাই ট্রাকটি নেত্রকোনা থেকে ময়মনসিংহের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে যাত্রী নিয়ে একটি পিকআপভ্যান নেত্রকোনার দিকে আসছিল। নারান্দিয়া এলাকায় পৌঁছালে যান দুটি মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই পিকআপে থাকা চারজনের মৃত্যু হয়।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, দুর্ঘটনাস্থল থেকে এক নারীসহ চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত অন্তত পাঁচজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রাথমিকভাবে জানা গেছে, পিকআপভ্যানটি যাত্রী নিয়ে নেত্রকোনার মদনপুরে শাহ সুলতান (রহ.)-এর মাজারের উদ্দেশ্যে যাচ্ছিল।
শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. আমিনুল ইসলাম বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়েছে। নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার কার্যক্রম চালাচ্ছে।
দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়। ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন।
এসকে/এনএম
আরো পড়ুন : ইংরেজি শিক্ষায় অনন্য অর্জনকারী, কেন্দুয়ার সিদরাতুল মুনতাহা সাফা
সম্পাদনা_দেলোয়ার হোসেন মাসুদ 
















