
কোহিনূর আলম, নিজস্ব প্রতিনিধি || এসকেনিউজ২৪
ইংরেজি ভাষায় দক্ষতা ও বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় সাফল্যের মাধ্যমে নিজের প্রতিভার স্বাক্ষর রাখছে নেত্রকোণার কেন্দুয়ার সপ্তম শ্রেণির শিক্ষার্থী সিদরাতুল মুনতাহা সাফা।
সম্প্রতি ‘রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রাম’-এর আয়োজনে কেন্দুয়া উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত শিক্ষার্থী ও অভিভাবক সমাবেশে ইংরেজি শিক্ষার গুরুত্ব নিয়ে বক্তব্য দেয় সাফা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম হিলালী। অনুষ্ঠানে সাফার বক্তব্য ও তার বিভিন্ন অর্জনের জন্য তাকে সম্মাননা দেওয়া হয়। এ মুহূর্তকে তার জীবনের অমূল্য স্মৃতি হিসেবে উল্লেখ করেছেন তার মা তৌহিদা হাসান।
সিদরাতুল মুনতাহা সাফার জন্ম ঢাকার মিরপুরে । তার গ্রামের বাড়ি কেন্দুয়ার চিরাং ইউনিয়নের বাট্রা ভাটিপাড়া । বর্তমানে কেন্দুয়া পৌর শহরের সাউদপাড়ায় বসবাস করছে ও হলি স্টার মডেল স্কুলের শিক্ষার্থী সে । তার বাবা এ এইচ এম রবিউল হাসান একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার ও ব্যবসায়ী। তিনি সৌদি আরবের ‘Ayzar Logistic Company’ পরিচালনার পাশাপাশি ঢাকা স্টক এক্সচেঞ্জের অনলাইন ডাটা সার্ভারের কাজের সঙ্গেও যুক্ত রয়েছেন।
সাফার মা তৌহিদা হাসান গফরগাঁওয়ের জয়ধরখালি বালিকা উচ্চ বিদ্যালয়ের নিবন্ধিত শিক্ষিকা ছিলেন। মেয়ের সুস্থতা ও পড়াশোনার কথা বিবেচনা করে তিনি চাকরি ছেড়ে কেন্দুয়ায় এসে মেয়ের শিক্ষাজীবনে সময় দিচ্ছেন।
সাফার পরিবারের শিক্ষাক্ষেত্র ও পেশাগত ক্ষেত্রেও রয়েছে সমৃদ্ধ পটভূমি। তার দাদা পুলিশ হেডকোয়ার্টারের একজন সিনিয়র কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করে অবসর নিয়েছেন। দাদী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন এবং ডেমরা, যাত্রাবাড়ী ও মিরপুরসহ বিভিন্ন এলাকায় দায়িত্ব পালনের পর কেন্দুয়ার কোনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে অবসর গ্রহণ করেন। তার একমাত্র ফুফু ৩৩তম বিসিএস ক্যাডারের একজন গাইনি সার্জন এবং বর্তমানে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে কর্মরত।
সাফার আন্তর্জাতিক প্রতিযোগিতায়ও রয়েছে উল্লেখযোগ্য সাফল্য। ২০২৫ সালে থাইল্যান্ডে অনুষ্ঠিত ‘International Leadership Program on Education’-এর ইংলিশ অলিম্পিয়াডে বিভাগীয় পর্যায়ে দুটি ক্যাটাগরিতে প্রথম হয়ে দুটি গোল্ড মেডেল অর্জন করে সে। এর একটি ছিল ইংলিশ অলিম্পিয়াড এবং অন্যটি স্পোকেন ইংলিশ।
এ বছর ইতালিভিত্তিক ‘Hippo International English Olympiad 2026’-এ অংশ নিয়ে H3 ক্যাটাগরির জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করেছে সাফা। পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক আয়োজনে ইংরেজিতে বক্তব্য দিয়েও নিজের দক্ষতার পরিচয় দিচ্ছে এই শিক্ষার্থী।
সাফার মা তৌহিদা হাসান বলেন, মেয়ের পড়াশোনা ও সুস্থতার কথা বিবেচনা করেই তিনি চাকরি ছেড়ে কেন্দুয়ায় এসেছেন। ভবিষ্যতে মেয়েকে আরও এগিয়ে নিতে পরিবারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।
সিদরাতুল মুনতাহা সাফার এই অর্জন শুধু তার পরিবার নয়, কেন্দুয়ার শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যেও অনুপ্রেরণা সৃষ্টি করেছে।
এসকে/এনকে
আরো পড়ুন : নেত্রকোণায় মোবাইল কোর্ট : কারাদণ্ড ও জরিমানা
সম্পাদনা_দেলোয়ার হোসেন মাসুদ 
















