
নিজস্ব প্রতিনিধি || এসকেনিউজ২৪
নেত্রকোণার মোহনগঞ্জে ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত একটি দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার এক নারী শিক্ষিকাকে শ্লীলতাহানি ও দীর্ঘদিন ধরে যৌন হয়রানির অভিযোগ উঠেছে মো. সোলায়মান হোসেন (৩৫) নামে এক শিক্ষকের বিরুদ্ধে।
অভিযোগে বলা হয়েছে, বিভিন্ন সময়ে অশালীন প্রস্তাব, কুরুচিপূর্ণ আচরণ, হুমকি এবং সর্বশেষ পথরোধ করে ধস্তাধস্তির চেষ্টা করার ঘটনায় ভুক্তভোগী শিক্ষিকা জেলা ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
বৃহস্পতিবার (৯ জুলাই) জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. শাহ আলম অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তবে অভিযোগটি গত ২২ জুন জমা দেওয়া হয়েছিল বলে জানা গেছে।
অভিযুক্ত মো. সোলায়মান হোসেন বর্তমানে আটপাড়া উপজেলার শ্রীরামপুর দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসায় কর্মরত। তিনি জেলা আওয়ামী ওলামালীগের আহ্বায়ক কমিটির সদস্য বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
লিখিত অভিযোগে ভুক্তভোগী শিক্ষিকা দাবি করেন, কয়েক বছর আগে মোহনগঞ্জে একই প্রতিষ্ঠানে কর্মরত থাকার সময় থেকেই সোলায়মান হোসেন তাকে বিভিন্নভাবে অশালীন প্রস্তাব ও কুরুচিপূর্ণ মন্তব্য করতেন। বিষয়টি মাদ্রাসা কর্তৃপক্ষ ও স্থানীয়দের জানানো হলে একপর্যায়ে স্থানীয় লোকজন তাকে আটক করে। পরে তিনি সেখান থেকে চলে গিয়ে অন্যত্র বদলি হন।
অভিযোগে আরও বলা হয়েছে, বদলির পরও সোলায়মান হোসেন ভুক্তভোগী ও তার পরিবারের সদস্যদের বিভিন্নভাবে হুমকি দিতে থাকেন। এ বিষয়ে অতীতেও জেলা ইসলামী ফাউন্ডেশনে একাধিক অভিযোগ দেওয়া হলেও রাজনৈতিক প্রভাবের কারণে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগকারীর দাবি।
সর্বশেষ গত ২১ জুন জেলা ইসলামিক ফাউন্ডেশন কার্যালয় থেকে বের হওয়ার সময় অভিযুক্ত শিক্ষক তার পথরোধ করে অশালীন ভাষায় গালাগাল এবং ধস্তাধস্তির চেষ্টা করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ঘটনার পরদিন, ২২ জুন, তিনি লিখিত অভিযোগ দায়ের করেন।
জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. শাহ আলম বলেন, “অভিযোগটি পেয়েছি। সম্প্রতি সড়ক দুর্ঘটনায় আমার পা ভেঙে যাওয়ায় চিকিৎসাধীন রয়েছি। সুস্থ হয়ে অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত শিক্ষক মো. সোলায়মান হোসেনের ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
উল্লেখ্য, অভিযোগগুলো ভুক্তভোগীর লিখিত আবেদনের ভিত্তিতে উপস্থাপন করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত শেষে প্রকৃত ঘটনা নিশ্চিত হবে।
এসকে/এনএন
আরো পড়ুন : জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নেত্রকোণায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন
সম্পাদনা _দেলোয়ার হোসেন মাসুদ 



















