
কোহিনূর আলম, নিজস্ব প্রতিনিধি ||এসকেনিউজ২৪
বিশ্বকাপ ফুটবলের শ্বাসরুদ্ধকর এক ম্যাচে শেষ ১৩ মিনিটে তিন গোল করে অবিশ্বাস্য জয় তুলে নেওয়ার পর নেত্রকোণার কেন্দুয়ায় মধ্যরাতে আনন্দ মিছিল করেছেন আর্জেন্টিনার উচ্ছ্বসিত সমর্থকেরা।
মঙ্গলবার (৭ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে খেলা শেষ হওয়ার পরপরই কেন্দুয়া পৌরসদরের বিভিন্ন এলাকায় শুরু হয় বিজয় উদ্যাপন। আতশবাজি, পটকা, ভুভুজেলার শব্দ, নাচ-গান ও আর্জেন্টিনার পতাকা হাতে আনন্দ মিছিলে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
এই দিন সন্ধ্যার পর থেকেই উপজেলা পরিষদ মিলনায়তনে বড় পর্দায় খেলা দেখতে জড়ো হন হাজারো ফুটবলপ্রেমী। আর্জেন্টিনার জার্সি পরে শিশু-কিশোর থেকে শুরু করে বিভিন্ন বয়সী সমর্থকেরা প্রিয় দলের সমর্থনে অংশ নেন।
টানটান উত্তেজনার ম্যাচে নির্ধারিত সময়ে আর্জেন্টিনা ৩-২ গোলে মিশরকে পরাজিত করে শেষ ষোলোতে জায়গা করে নেয়। দলের জয়ে উচ্ছ্বসিত সমর্থকেরা ‘মেসি, মেসি’ স্লোগানে আনন্দ প্রকাশ করেন।
এর আগেও বিশ্বকাপ ফুটবল-২০২৬ শুরুর প্রথম দিকে (১৯ জুন) আর্জেন্টিনার কয়েকশো ফুট দীর্ঘ পতাকা নিয়ে সমর্থকদের আনন্দ মিছিল করতে দেখা গেছে ।
অন্যদিকে, ম্যাচের রেফারিং নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু সমর্থক ও সমালোচক প্রশ্ন তোলেন। তাদের অভিযোগ, কয়েকটি সিদ্ধান্ত আর্জেন্টিনার পক্ষে গেছে। তবে ফুটবল বিশ্লেষকদের একাংশের মতে, আধুনিক প্রযুক্তি, বিশেষ করে ভিএআর ও অন্যান্য প্রযুক্তিগত সহায়তার কারণে কোনো দলকে সুবিধা পাইয়ে দেওয়ার সুযোগ অত্যন্ত সীমিত বা নেই বললেই চলে।
এসকে/এনকে
আরো পড়ুন : নেত্রকোনায় ১০ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ, ২০ হাজার টাকা জরিমানা
সম্পাদনা_দেলোয়ার হোসেন মাসুদ 



















