
নিজস্ব প্রতিনিধি || এসকেনিউজ২৪
নেত্রকোনায় নিষিদ্ধ চায়না দুয়ারি (ম্যাজিক) জাল ও কারেন্ট জালের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় ১০ লাখ টাকা মূল্যের অবৈধ জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। এ সময় অবৈধ জাল বিক্রির দায়ে হুলিয়া নামে এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৮ জুলাই) বিকেলে নেত্রকোনা সদর উপজেলার বড় বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল বাকিউল বারী।
অভিযানে বড় বাজারের একটি জাল বিক্রির গুদাম থেকে ৩০০টি (৮ বস্তা) নিষিদ্ধ চায়না দুয়ারি (ম্যাজিক) জাল এবং ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে স্থানীয়দের উপস্থিতিতে জব্দ করা প্রায় ১০ লাখ টাকা মূল্যের এসব নিষিদ্ধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ সময় অবৈধ জাল বিক্রির অভিযোগে হুলিয়া নামে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আশরাফুল্লাহ। অভিযানে সার্বিক সহযোগিতা করে নেত্রকোনা সদর থানা পুলিশ।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকিউল বারী বলেন, মাছের প্রজনন ও জলজ সম্পদ সংরক্ষণে নিষিদ্ধ জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। তিনি এ ধরনের অবৈধ কার্যক্রম থেকে সংশ্লিষ্টদের বিরত থাকার আহ্বান জানান।
এসকে/এনএম
আরো পড়ুন : কাশিয়ানীতে অপরাধ দমনে সক্রিয় পুলিশ, আলোচনায় ওসি মাহফুজুর রহমান
সম্পাদনা_দেলোয়ার হোসেন মাসুদ 



















