
নড়াইল প্রতিনিধি || এসকেনিউজ২৪
নড়াইলে কয়েক ঘণ্টার ব্যবধানে ঘটে গেল দুটি পৃথক দুর্ঘটনা। বিকেলে বজ্রপাতে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। আর রাতে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে গেলে নারী, পুরুষ ও শিশুসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।
শনিবার (৬ জুন) বিকেলে জেলার লোহাগড়া উপজেলার দুটি এলাকায় বজ্রপাতে প্রাণহানির ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার শালনগর গ্রামের কৃষক টিটুল খান (৪৫) এবং নলদী ইউনিয়নের মতিনগর গ্রামের বাবুল বিশ্বাস (৪০)।
স্থানীয় সূত্র জানায়, বিকেলে বাড়ির পাশের মাঠে গরুকে পানি খাওয়াতে গেলে আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান টিটুল খান। অন্যদিকে ইছামতি বিলে মাছ ধরার সময় বজ্রাঘাতে গুরুতর আহত হন বাবুল বিশ্বাস। পরে তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বজ্রপাতে দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে একই দিন রাত ৮টার দিকে নড়াইল-যশোর মহাসড়কে নড়াইল আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে একটি যাত্রীবাহী লোকাল বাস দুর্ঘটনার কবলে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, যশোর থেকে নড়াইলগামী বাসটি নতুন বাস টার্মিনাল এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একপর্যায়ে বাসটি সড়কের পাশে উল্টে যায়।
দুর্ঘটনায় বাসে থাকা অন্তত ২০ জন যাত্রী আহত হন। তাদের মধ্যে নারী, পুরুষ ও শিশুও রয়েছে। খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার অভিযান চালিয়ে আহতদের নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করেন।

নড়াইল সদর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. হুমায়ুন কবির জানান, দুর্ঘটনার সংবাদ পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
তুলারামপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী বলেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
একই দিনে বজ্রপাত ও সড়ক দুর্ঘটনায় নড়াইলে দুইজনের মৃত্যু এবং অন্তত ২০ জনের আহত হওয়ার ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
এসকে/এনইউ
আরো পড়ুন : কলমাকান্দায় বিজিবির অভিযানে ৫০ বোতল ভারতীয় মদসহ আটক ১
সম্পাদনা_দেলোয়ার হোসেন মাসুদ 



















