
পূর্বধলা প্রতিনিধি :
নেত্রকোণার পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ পুলিশ তদন্তকেন্দ্রের পুলিশি সেবা ও টহল কার্যক্রম আরও গতিশীল করতে নতুন গাড়ি দিয়েছে অগ্রণী ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে আয়োজিত এক অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেন এমপি ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান (বিপিএম-সেবা)-এর কাছে গাড়ির চাবি হস্তান্তর করেন।
এ সময় ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ প্রতিরোধ এবং পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদারে ময়মনসিংহ রেঞ্জ পুলিশ নিরলসভাবে কাজ করছে।
তিনি আরও বলেন, নতুন গাড়িটি যুক্ত হওয়ায় শ্যামগঞ্জ পুলিশ তদন্তকেন্দ্রের জরুরি সেবা, নৈশ টহল ও অপরাধ প্রতিরোধ কার্যক্রম আরও গতিশীল হবে। পাশাপাশি দূরবর্তী ও দুর্গম এলাকায় দ্রুত পুলিশি সেবা পৌঁছানো সহজ হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অগ্রণী ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পরিচালক ও পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) মো. মতিউর রহমান, নেত্রকোনার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এবং শ্যামগঞ্জ পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ মো. সেন্টু মিয়াসহ জেলা ও স্থানীয় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এসকে/এনএন
আরও পড়ুন : নেত্রকোনায় বিধবা নারীকে মারধরের অভিযোগের পর যুবদল নেতা বহিষ্কার
এসকেনিউজ২৪ | সত্যের পথে কলমের সাথে |নেত্রকোনার খবরসহ দেশ-বিদেশের সর্বশেষ সংবাদে চোখ রাখুন
সম্পাদনা_দেলোয়ার হোসেন মাসুদ 


















