
নিজস্ব প্রতিনিধি :
নেত্রকোনার চল্লিশা এলাকায় একটি হাফিজিয়া মাদ্রাসায় হামলা, শিক্ষক-শিক্ষার্থীদের মারধর ও আসবাবপত্র ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় মসজিদের এক কোষাধ্যক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে। ঘটনার প্রতিবাদে বুধবার (১৪ অক্টোবর) দুপুরে চল্লিশা বাজার এলাকায় বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেন শিক্ষার্থী, আলেম-ওলামা ও স্থানীয় বাসিন্দারা। তারা অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
মাদ্রাসা সূত্রে জানা যায়, চল্লিশা কেন্দ্রীয় মসজিদে ফজরের নামাজের পর নিয়মিত কোরআন তিলাওয়াত ও দোয়ার কার্যক্রম চলে আসছিল। প্রায় ২২ বছর ধরে পরিচালিত এ ধর্মীয় কার্যক্রমের রুটিন নিয়ে সম্প্রতি মসজিদ কমিটিকে কেন্দ্র করে বিরোধ সৃষ্টি হয়। এর জের ধরে হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ সংশ্লিষ্টদের।
মাদ্রাসার বড় হুজুর মাওলানা মো. নজরুল ইসলাম খানের অভিযোগ, বিরোধের একপর্যায়ে শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়। এ সময় তাদের রড দিয়ে মারধর করা এবং মাদ্রাসার আসবাবপত্র ও পবিত্র কোরআন শরিফ ক্ষতিগ্রস্ত করার অভিযোগও করেন তিনি।
প্রত্যক্ষদর্শী তানভীরের ভাষ্য অনুযায়ী, ফজরের নামাজের পর মসজিদে ধর্মীয় কার্যক্রম চলাকালে আব্দুল হামিদ নামের এক ব্যক্তি বাধা দেন। বিষয়টি মসজিদ কমিটিকে জানানোর পরও বিরোধের অবসান হয়নি। পরে ওই ব্যক্তি তাঁর ছেলে ও অন্যদের নিয়ে এসে হামলা চালান বলে অভিযোগ করেন তানভীর। এতে তিনি নিজেও মাথায় ইটের আঘাত পান বলে জানান।
আরেক প্রত্যক্ষদর্শী মোহাম্মদ সাকিবের অভিযোগ, হামলার সময় আশপাশের লোকজনকেও মারধর করা হয়। এমনকি পাশের একটি বাড়িতে প্রবেশ করে সেখানে থাকা লোকজনের সঙ্গে অসদাচরণ ও ধাক্কাধাক্কি করা হয় বলেও তিনি দাবি করেন।
হামলায় আহত শিক্ষার্থীদের নেত্রকোনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী মো. গিয়াস উদ্দিন নেত্রকোনা মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তাঁর ছেলেসহ কয়েকজন আহত হয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ঘটনার প্রতিবাদে বুধবার দুপুরে চল্লিশা বাজার এলাকায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তারা ঘটনার নিন্দা জানিয়ে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তাঁরা।
নেত্রকোনা জেলা খেলাফত আন্দোলনের সদস্যসচিব গাজী আব্দুর রহিম রুহি এ ঘটনার নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, ধর্মীয় প্রতিষ্ঠান ও শিক্ষাঙ্গনে হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ঘটনার সঙ্গে জড়িতদের পরিচয় বা প্রভাব বিবেচনা না করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের ভিত্তিতে অভিযুক্তের বাড়িতে পুলিশ অভিযান চালালেও তাঁকে পাওয়া যায়নি। তিনি বর্তমানে পলাতক রয়েছেন বলে জানান এই পুলিশ কর্মকর্তা। তাঁকে গ্রেপ্তারে চেষ্টা চলছে এবং গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ধর্মীয় প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানে সহিংসতার অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তির বক্তব্য পাওয়া যায়নি।
এসকে/এনএম
আরও পড়ুনঃ সৌরবিদ্যুতের উদ্বৃত্ত যাবে জাতীয় গ্রিডে, কেন্দুয়ায় নতুন প্রযুক্তির যাত্রা
এসকেনিউজ২৪ | সত্যের পথে কলমের সাথে
সম্পাদনা_দেলোয়ার হোসেন মাসুদ 




















One thought on “নেত্রকোনার চল্লিশায় হাফিজিয়া মাদ্রাসায় হামলার অভিযোগ, আহত শিক্ষক-শিক্ষার্থী; সড়ক অবরোধ করে বিক্ষোভ”