
কোহিনূর আলম, নিজস্ব প্রতিনিধি |এসকেনিউজ২৪
নেত্রকোণার কেন্দুয়ায় শিল্পকলা একাডেমি স্থাপনের অনুমোদন হয়েছে বলে জানিয়েছেন নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে মোজাফরপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে বানিয়াগাতি সিদ্দিকিয়া দারুস সুন্নাহ মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভা, বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
ড. রফিকুল ইসলাম হিলালী বলেন, ‘আমরা হিংসার রাজনীতি পছন্দ করি না। তবে আমাদের অহিংসা, ধৈর্য ও মানবিকতাকে কেউ দুর্বলতা মনে করলে তার জবাব দেওয়া হবে।
বিদেশে অবস্থানরত নেতাদের উদ্দেশে তিনি বলেন, বিদেশে বসে উসকানি দিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা যাবে না। দেশে থাকা আওয়ামী লীগের নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, যারা বিদেশ থেকে উসকানি দিচ্ছেন, তাদের দেশে এসে মিছিল-মিটিং করার কথা বলুন। বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশের শান্তি নষ্ট না করার আহ্বান জানান তিনি।
এমপি হিলালী বলেন, আমরা ক্ষমতায় আসার পর কারও বাড়িঘরে হামলা-ভাঙচুর হতে দিই নি। আমাদের অনেক নির্যাতিত নেতা-কর্মীর বিরুদ্ধেও কঠোর হতে হয়েছে। কেননা আমরা হিংসার রাজনীতি পছন্দ করি না। তবে আমাদের ধৈর্য ও মানবিকতাকে কেউ দুর্বলতা মনে করলে তার জবাব দেওয়া হবে।
উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, সরকারের বয়স মাত্র ছয় মাস। এরই মধ্যে কেন্দুয়ার উন্নয়নে ২৮০ কোটি টাকা বরাদ্দ পাওয়া গেছে। ধাপে ধাপে এসব বরাদ্দের কাজ বাস্তবায়ন করা হবে। ইনশাআল্লাহ, আগামী দুই বছরের মধ্যে কেন্দুয়া উপজেলার কোনো রাস্তা পাকাকরণের কাজ বাকি থাকবে না।
তিনি আরও বলেন, নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতিগুলোর অনেকগুলো ইতোমধ্যে বাস্তবায়ন করা হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য প্রতিশ্রুতিও বাস্তবায়ন করা হবে। ‘লোকজ সংস্কৃতির রাজধানী’ কেন্দুয়ায় শিল্পকলা একাডেমি স্থাপনের অনুমোদন হয়েছে বলেও জানান তিনি। এ সময় সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
মোজাফরপুর ইউনিয়নের সভায় সভাপতিত্ব করেন আবুল কালাম বেপারী এবং সভা পরিচালনা করেন উপজেলা যুবদলের সদস্যসচিব আতাউল হক মিন্টু।
এ সময় কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন ভূইয়া, সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূইয়া মজনু, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, উপজেলা কৃষক দলের সভাপতি মাহাবুব আলম খান মহসিন, বিএনপি নেতা মতিউর রহমান, রুকুনুজ্জামান মেম্বারসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এসকে/এনকে
আরো পড়ুন : আধুনিক সাংবাদিকতার দক্ষতা বাড়াতে কেন্দুয়ায় ৩৫ সাংবাদিকের প্রশিক্ষণ শুরু
সম্পাদনা_দেলোয়ার হোসেন মাসুদ 



















