
নিজস্ব প্রতিনিধি | এসকেনিউজ২৪
নেত্রকোনার পূর্বধলায় বাক্ ও শ্রবণ প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার মূল আসামি রবিউল আওয়াল ওরফে রবিন (২৪)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) প্রথম প্রহরে আড়াইটার দিকে পূর্বধলা থানা-পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার রবিউল আওয়াল পূর্বধলা উপজেলার খলিশাউড় ইউনিয়নের মাইজপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, ভুক্তভোগী নারী একই এলাকার বাসিন্দা। প্রায় আট মাস আগে তার মেয়েকে তার স্বামী ডিভোর্স দিলে তিনি সন্তানকে নিয়ে বাবার বাড়িতে বসবাস করছিলেন। এ সুযোগে অভিযুক্ত রবিউল আওয়াল ওরফে রবিন ওই নারীকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ রয়েছে।
পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৬ সেপ্টেম্বর বিকেল ৩টার দিকে অভিযুক্ত ব্যক্তি ভুক্তভোগীর বাড়ির আশপাশে ঘোরাফেরা করছিলেন। একপর্যায়ে তাকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ ওঠে। পরে ভুক্তভোগীকে বাড়ির পাশে একটি ঘরে নিয়ে গিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করার অভিযোগ করা হয়।
ঘটনার পর ভুক্তভোগীর স্বজনদের মাধ্যমে বিষয়টি জানাজানি হলে থানায় মামলা দায়ের করা হয়। মামলার পর পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার রবিউল আওয়ালকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আদালতের কাছে তার ডিএনএ প্রোফাইলের অনুমতি চেয়ে পৃথক আবেদন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত জেলা পুলিশ সুপার মো. হাফিজুল ইসলাম বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন।
এসকে/এনএম
আরো পড়ুন : পূর্বধলায় মসজিদের নির্মাণাধীন মার্কেট ভাঙচুর, প্রতিবাদে মানববন্ধন
সম্পাদনা_দেলোয়ার হোসেন মাসুদ 




















One thought on “পূর্বধলায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে মূল আসামি গ্রেপ্তার”