
নিজস্ব প্রতিনিধি | এসকেনিউজ২৪
নেত্রকোণায় মাদক ও ইভটিজিংবিরোধী সচেতনতামূলক সেমিনার, এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং মেধাবৃত্তি প্রদান করা হয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার চল্লিশা এলাকার হেনা ইসলাম কলেজে রাবেয়া মহিলা ও যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নেত্রকোণা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিজা খাতুন। রাবেয়া মহিলা ও যুব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক হেনরী আমিন পপি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থাটির উপদেষ্টা মো. রেজওয়ান উল ইসলাম (রাকিব), মহিলা বিষয়ক অধিদপ্তর নেত্রকোণার উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. আব্দুর রউফ সরকার, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হক, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. নুরুজ্জামান এবং বিসিক জেলা কার্যালয়ের উপব্যবস্থাপক সুব্রত কুমার কর।
এ ছাড়া জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ম. কিবরিয়া চৌধুরী হেলিম, সাদিকুর রহমান খান, মো. আজহারুল ইসলাম, মো. রফিকুল ইসলামসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সেমিনারে মাদক ও ইভটিজিংয়ের ক্ষতিকর প্রভাব তুলে ধরে শিক্ষার্থী ও তরুণদের সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করে গড়ে তোলা, নৈতিক শিক্ষা ও সামাজিক মূল্যবোধ জাগ্রত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বক্তারা।
অনুষ্ঠানের আরেক পর্বে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। পরে তাদের মধ্যে মেধাবৃত্তি প্রদান করা হয়।
বক্তারা বলেন, মাদক ও ইভটিজিং প্রতিরোধে শুধু প্রশাসনিক উদ্যোগ যথেষ্ট নয়; পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও প্রশাসনের সমন্বিত ভূমিকা প্রয়োজন। তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে একটি সুন্দর ও নিরাপদ সমাজ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।
এসকে/এনএম
আরো পড়ুন : কাশবনে আগুন, অল্পের জন্য রক্ষা পেল নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের লেকপাড়
সম্পাদনা_দেলোয়ার হোসেন মাসুদ 




















One thought on “মাদক-ইভটিজিং প্রতিরোধের বার্তা, জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা”