
নিজস্ব প্রতিনিধি || এসকেনিউজ২৪
বিএনপিকে হুমকি-ধমকি বা উসকানিমূলক বক্তব্য দিয়ে কোনো লাভ হবে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
শনিবার সন্ধ্যার আগে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুর জেলা বিএনপি আয়োজিত আনন্দ র্যালিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
এ্যানি বলেন, “বিএনপিকে হুংকার দেবেন না। বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল, খালেদা জিয়ার দল এবং তারেক রহমানের দল। ভয় দেখিয়ে কোনো লাভ নেই। আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে রাজপথ থেকে উঠে এসেছে বিএনপি।”
তিনি বলেন, গত ১৭ বছর আন্দোলন-সংগ্রাম করে জনগণের রায় নিয়ে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করেছে। সরকারের দায়িত্ব গ্রহণের ছয় মাসের মধ্যেই নতুন করে আন্দোলনের কর্মসূচি শুরু করা ঠিক হয়নি বলেও মন্তব্য করেন তিনি।
১১ দলীয় ঐক্যের লংমার্চ প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, “দেশের মানুষ আপনাদের লংমার্চ গ্রহণ করেনি। জনগণের সাড়া থাকলে কর্মসূচিতে তার প্রতিফলন দেখা যেত।” তাঁর দাবি, লংমার্চে চিহ্নিত কিছু ব্যক্তি অংশ নিয়েছেন।
জামায়াতে ইসলামীর আমিরের বক্তব্যের সমালোচনা করে এ্যানি বলেন, উসকানিমূলক বক্তব্য ও হুংকার জনগণ পছন্দ করে না। তিনি দাবি করেন, এ ধরনের কর্মসূচিতে সাধারণ মানুষের অংশগ্রহণ নেই।
তিনি আরও বলেন, রাজনৈতিক কর্মসূচির নামে যারা দেশের মানুষের ক্ষতি করার চেষ্টা করছে, তাদের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
এসকে/এনএম
আরো পড়ুন : আটপাড়ায় লেংটার ওরস বন্ধে প্রশাসনের উদ্যোগ, হেফাজত ও ইমাম-উলামা পরিষদের কৃতজ্ঞতা
সম্পাদনা_দেলোয়ার হোসেন মাসুদ 
















