
নিজস্ব প্রতিনিধি || এসকেনিউজ২৪
নেত্রকোনার আটপাড়ায় লেংটার ওরস আয়োজনকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতির পর প্রশাসনের উদ্যোগে ওই আয়োজন বন্ধ হওয়ায় উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে হেফাজতে ইসলাম আটপাড়া ও ইমাম-উলামা পরিষদ আটপাড়া।
এ বিষয়ে দেওয়া এক বিবৃতিতে হেফাজতে ইসলাম আটপাড়া উপজেলার সভাপতি, ইমাম-উলামা পরিষদ আটপাড়ার সভাপতি এবং জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সেক্রেটারি মাওলানা মফিজুর রহমান বলেন, গত ৪ সেপ্টেম্বর তাঁরা ঐক্যবদ্ধভাবে ওই আয়োজনের প্রতিবাদ জানিয়েছিলেন। পরে প্রশাসনের কার্যকর উদ্যোগে বিষয়টি বন্ধ হওয়ায় আল্লাহর শুকরিয়া আদায় করেন তিনি।
মাওলানা মফিজুর রহমান বলেন, “আটপাড়া উপজেলা প্রশাসন বিষয়টি বন্ধে আন্তরিক ভূমিকা পালন করেছে। এ জন্য উপজেলা প্রশাসনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।”
তিনি আরও জানান, আটপাড়া-কেন্দুয়া আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম হেলালী বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে জরুরি নির্দেশনা দেওয়ায় তাঁর প্রতিও আন্তরিক মোবারকবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
বিবৃতিতে মাওলানা মফিজুর রহমান বলেন, হেফাজতে ইসলাম আটপাড়া ও ইমাম-উলামা পরিষদ আটপাড়ার ঐক্যবদ্ধ ও সম্মিলিত প্রচেষ্টায় আপাতত বিষয়টির অবসান হয়েছে।
তিনি বলেন, ভবিষ্যতে আটপাড়া উপজেলার মাটিতে ধর্মীয় মূল্যবোধ ও বিশ্বাসের পরিপন্থী কোনো কর্মকাণ্ড আয়োজনের উদ্যোগ নেওয়া হলে শান্তিপূর্ণ ও আইনানুগভাবে তার প্রতিবাদ জানানো হবে।
এসকে/এনএফ
আরো পড়ুন : নড়াইলে মাদরাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার
সম্পাদনা_দেলোয়ার হোসেন মাসুদ 


















One thought on “আটপাড়ায় লেংটার ওরস বন্ধে প্রশাসনের উদ্যোগ, হেফাজত ও ইমাম-উলামা পরিষদের কৃতজ্ঞতা”