
কোহিনূর আলম, নিজস্ব প্রতিনিধি || এসকেনিউজ২৪
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নেত্রকোণার কেন্দুয়ায় হাজারো ভক্তের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ (২৬ আগস্ট) সকাল সাড়ে ১১টায় কেন্দুয়া পৌর শহরের দরবার-এ গাউছে হাওলা, খানকা-এ হযরত শিবলী মঞ্জিলের আয়োজনে এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-এর শুভাগমনের আনন্দে হাওলাপুরি দরবার শরীফের হাজারো মুরিদান, আশেকান ও ভক্তবৃন্দ নেত্রকোণাসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে খানকা শরীফে সমবেত হন। এতে কেন্দুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূইয়া মজনু, তাড়াইল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জহিরুল ইসলাম ভূইয়া শাহীন, কেন্দুয়ার নওপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান মাজহারুল ইসলাম মাজু, মদনের বদরুজ্জামান খান মহব্বতসহ বিপুলসংখ্যক মুরিদান, আশেকান, ভক্ত ও ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন।
কালেমা তাইয়্যেবা লেখা পতাকা, ব্যানার ও ফেস্টুন হাতে নবীর শানে স্লোগান দিতে দিতে শোভাযাত্রাটি কেন্দুয়া বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ‘নারায়ে তাকবির—আল্লাহু আকবার’, ‘নারায়ে রিসালাত—ইয়া রাসুলাল্লাহ’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো পৌর শহর।
পরে খানকা শরীফ প্রাঙ্গণে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শের ওপর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় হাওলাপুরি দরবার শরীফের গদিনশীন পীর হযরত শাহ্ সুফি মাওলানা আলহাজ সৈয়দ নাঈমুল কুদ্দুছ আকবরী (ম.জি.আ.আ.) বলেন, হযরত মুহাম্মদ (সা.) সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত। তাঁর আদর্শে শান্তি, সাম্য ও মানবতার শিক্ষা রয়েছে। তাঁর আগমনে পৃথিবী অন্ধকার থেকে আলোর পথ পেয়েছিল। তিনি সবাইকে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করে জীবন পরিচালনার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ ড. রফিকুল ইসলাম হিলালী।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধি এবং বিশ্ব মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাওলাপুরি দরবার শরীফের গদিনশীন পীর হযরত শাহ্ সুফি মাওলানা আলহাজ সৈয়দ নাঈমুল কুদ্দুছ আকবরী (মা.জি.আ.)।
এসকে/এনকে
আরো পড়ুন : রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রাম এর মেধা নির্ধারণী পরীক্ষার ফল প্রকাশ
সম্পাদনা_দেলোয়ার হোসেন মাসুদ 
















