
নিজস্ব প্রতিনিধি :
নেত্রকোণার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান ফকির ওরফে আলিফ হত্যা মামলায় আশিকুর রহমান প্রাঙ্গন (২১) নামে আরও এক সন্দিগ্ধ আসামিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৪)। মঙ্গলবার (২০ অক্টোবর) রাত পৌনে ১২টার দিকে দুর্গাপুর পৌরসভার শহীদ মিনার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
বুধবার (২১ অক্টোবর) দুপুরে এসআরবি-১৪-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মু. মাসুদ রানা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতার আশিকুর রহমান প্রাঙ্গন দুর্গাপুর পৌরসভার বাগিচাপাড়া এলাকার বাসিন্দা মো. শাহিন মিয়ার ছেলে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী, তিনি দুর্গাপুরের একাধিক হত্যা মামলার আসামি হিসেবে পরিচিত শীর্ষ সন্ত্রাসী ও শুটার শামীমের ভাগনে।
এসআরবি-১৪ জানায়, সাংবাদিক আলিফ হত্যাকাণ্ডের পর থেকেই ছায়াতদন্ত শুরু করে বাহিনীটি। গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত এবং গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে। গ্রেফতার প্রাঙ্গনকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পলাতক অন্য আসামিদের গ্রেফতারেও অভিযান অব্যাহত রয়েছে।
যেভাবে হত্যা করা হয় সাংবাদিক আলিফকে :
নিহত লুৎফুজ্জামান ফকির আলিফ বেসরকারি আইপি টেলিভিশন চ্যানেল ‘রুপসী বাংলা’র নেত্রকোণা প্রতিনিধি ছিলেন। পাশাপাশি ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামের একটি সামাজিক যোগাযোগমাধ্যম পেজ পরিচালনা করতেন তিনি। ওই পেজের মাধ্যমে সীমান্ত এলাকার বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ড নিয়ে অনুসন্ধানী সংবাদ প্রকাশ করতেন।
গত ১৫ অক্টোবর রাত ৮টার দিকে দুর্গাপুরের উত্রাইল বাজার এলাকায় একটি মনোহারি দোকান থেকে প্রয়োজনীয় জিনিসপত্র কিনে বাড়ি ফেরার পথে সশস্ত্র হামলার শিকার হন আলিফ। অজ্ঞাতনামা হামলাকারীরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহত সাংবাদিকের স্ত্রী আনন্দিতা সাংমা বাদী হয়ে দুর্গাপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।
সাংবাদিক আলিফ হত্যাকাণ্ডের ঘটনায় একের পর এক অভিযান চালিয়ে জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং বাকি অভিযুক্তদের গ্রেপ্তার এখন তদন্তসংশ্লিষ্টদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়।
উল্লেখ্য যে, এর আগে সাংবাদিক আলিফ হত্যা মামলায় ১৭ অক্টোবর দিবাগত রাত ১২টার পর অপূ্র্ব নামে আরো একজনকে গ্রেফতার করে দুর্গাপুর থানা পুলিশ। পরে তাকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করলে আদালত ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে আবারও অপূর্ব'র ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এসকে/এনএম
আরও পড়ুন : কেন্দুয়ায় এস.কে. স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক-কর্মচারী নিয়োগ, আবেদনের ডেডলাইন ১০ নভেম্বর
এসকেনিউজ২৪ | সত্যের পথে কলমের সাথে | দেশ-বিদেশের সর্বশেষ সংবাদে চোখ রাখুন
SK NEWS 24 BD সম্পাদক : দেলোয়ার হোসেন মাসুদসহ-সম্পাদক : নূরুল আমীন। অস্থায়ী কার্যালয়: ১৬৪, খতিবনগুয়া, হাসপাতাল রোড, নেত্রকোনা-২৪০০।
Copyright © 2026 SKNEWS24BD. All rights reserved.