
নিজস্ব প্রতিনিধি :
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইশরাক হোসেন। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
এর আগে সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ইশরাক হোসেন জানান, দুপুর ২টায় জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন তিনি। পরে নির্ধারিত সময়ে সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে ফেসবুক পেজ থেকে লাইভে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
ইশরাক হোসেন বলেন, মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে তাঁর উদ্দেশ্যের চেয়ে অস্ত্রের বিষয়টি সংবাদমাধ্যমে বেশি গুরুত্ব পেয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে গিয়েই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেন তিনি। এ কারণে প্রধানমন্ত্রীর কাছে নিজেই পদত্যাগ চেয়েছেন বলে জানান।
তিনি আরও বলেন, এখন থেকে সংসদ সদস্য বা প্রতিমন্ত্রী হিসেবে নয়, বিএনপির একজন কর্মী হিসেবে মাদকের বিরুদ্ধে আরও বেশি উদ্দীপনা নিয়ে কাজ করবেন। মাদক নির্মূল ও পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করার কথাও জানান তিনি।
প্রসঙ্গত, গত শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর গেন্ডারিয়া এলাকায় মাদকবিরোধী অভিযানে আগ্নেয়াস্ত্র হাতে ইশরাক হোসেনের অংশ নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়। পরদিন তাঁকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর প্রকাশিত হলেও তাঁর প্রেস কর্মকর্তা সে সময় বিষয়টি অস্বীকার করেছিলেন।
এসকে/এনএম
আরও পড়ুন : সংবিধান সংশোধনে বিরোধীদের অসহযোগিতার অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রীর
এসকেনিউজ২৪ | সত্যের পথে কলমের সাথে | নেত্রকোনার খবরসহ দেশ-বিদেশের সর্বশেষ সংবাদে চোখ রাখুন
SK NEWS 24 BD সম্পাদক : দেলোয়ার হোসেন মাসুদসহ-সম্পাদক : নূরুল আমীন। অস্থায়ী কার্যালয়: ১৬৪, খতিবনগুয়া, হাসপাতাল রোড, নেত্রকোনা-২৪০০।
Copyright © 2026 SKNEWS24BD. All rights reserved.