
নিজস্ব প্রতিনিধি:
নেত্রকোণার সদর উপজেলার মৌগাতি ইউনিয়নে গ্রামীণ ব্যাংকের চুঁচুয়া শাখা কার্যালয়ে গভীর রাতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে কার্যালয়ের একটি কক্ষে রাখা দুটি মোটরসাইকেল ও কিছু কাগজপত্র পুড়ে গেছে। পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন শাখা ব্যবস্থাপক।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দিবাগত রাত সোয়া ৩টার দিকে এ ঘটনা ঘটে। আগুন দেখতে পেয়ে দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মী প্রথমে স্থানীয় লোকজনকে খবর দেন। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
গ্রামীণ ব্যাংকের চুঁচুয়া শাখার ব্যবস্থাপক মঞ্জু আহমেদ জানান, ব্যাংকের নিয়মিত নিরাপত্তাকর্মী আবদুর রহমান ছুটিতে থাকায় তাঁর পরিবর্তে অন্য একজন নিরাপত্তাকর্মী দায়িত্ব পালন করছিলেন। দায়িত্ব পালনকালে ওই নিরাপত্তাকর্মী আগুন দেখতে পেয়ে দ্রুত স্থানীয় লোকজনকে বিষয়টি জানান। খবর পেয়ে স্থানীয় লোকজন এগিয়ে আসেন এবং ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
শাখা ব্যবস্থাপকের ধারণা, দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে কার্যালয়ে আগুন ধরিয়ে দিয়ে থাকতে পারে। তবে আগুন লাগার প্রকৃত কারণ এবং এর সঙ্গে কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।
ঘটনার পর বুধবার (১৪ অক্টোবর) বিকেল ৩টার দিকে শাখা ব্যবস্থাপক এ ঘটনায় লিখিত অভিযোগ দিতে থানায় যান। অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
এ ঘটনায় ব্যাংকের কার্যালয়ে ক্ষয়ক্ষতি হলেও অন্য কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা বিস্তারিত জানা যায়নি।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের জানান, ‘ঘটনার তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এসকে/এনএন
আরও পড়ুন : চট্টগ্রামে সাইবার পুলিশ সেন্টারের যাত্রা শুরু
এসকেনিউজ২৪ | সত্যের পথে কলমের সাথে
সম্পাদনা_দেলোয়ার হোসেন মাসুদ 




















One thought on “গভীর রাতে গ্রামীণ ব্যাংকে আগুন, পুড়লো দুই মোটরসাইকেল”