
নিজস্ব প্রতিনিধি:
নেত্রকোণার মদনে গাঁজা ও ইয়াবা সেবনের অভিযোগে গ্রেফতার পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল বারী আকন্দ হীরাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জেলা ছাত্রদল এ সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে তাঁর সঙ্গে সংগঠনের সব পর্যায়ের নেতা-কর্মীদের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম খান পাঠান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জরুরি সভায় তাঁকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহমুদ চৌধুরী ও সাধারণ সম্পাদক শামসুল হুদা শামীম সিদ্ধান্তটি অনুমোদন করেন।

জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহমুদ চৌধুরী বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে বলেন, দলীয় শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে আব্দুল বারীকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সোমবার রাত নয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মদন পৌরসভার ফচিকা টিএনটি রোড এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় গাঁজা ও ইয়াবা সেবনের অভিযোগে আব্দুল বারী হীরাসহ চারজনকে আটক করা হয়। পরে তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।
গ্রেফতার অন্য তিনজন হলেন মদন দক্ষিণপাড়া গ্রামের শান্ত মিয়ার ছেলে হুমায়ুন কবির (৩২), কাইকুরিয়া গ্রামের মৃত গনি মিয়ার ছেলে মানিক মিয়া (৩২) এবং আটপাড়া উপজেলার সুখারী ইউনিয়নের দেবাদ্দর গ্রামের আবদুল জলিলের ছেলে তারেক মিয়া (২৪)।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহ উদ্দিন বলেন, উপপরিদর্শক (এসআই) আখতারুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে ওই চারজনকে আটক করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও চার থেকে পাঁচজন পালিয়ে যান।
ওসি আরও বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। ওই মামলায় চারজনকে গ্রেফতার দেখিয়ে গতকাল মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এসকে/এনএন
আরও পড়ুন : শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে অফিসার ও ফোর্সদের ব্রিফিং করলেন নড়াইলের এসপি আল মামুন শিকদার
এসকেনিউজ২৪ | সত্যের পথে কলমের সাথে
সম্পাদনা_দেলোয়ার হোসেন মাসুদ 




















One thought on “মদনে মাদক সেবনের অভিযোগে গ্রেফতার, ছাত্রদল নেতা হীরা বহিষ্কার”