
নিজস্ব প্রতিনিধি :
নেত্রকোনার গৃহবধূ খাদিজা আক্তার। সংসারের ব্যস্ততা সামলে মাত্র দুই মাসে ৭৩০ পৃষ্ঠায় হাতে লিখেছেন পবিত্র কোরআন শরীফের ৩০ পারা। শুধু তা-ই নয়, দীর্ঘ ১৮ বছর ধরে নিজ উদ্যোগে গ্রামের শিশুদের বিনা বেতনে কোরআন শিক্ষা দিয়ে আসছেন তিনি।
নেত্রকোনা সদর উপজেলার আমতলা ইউনিয়নের আতকাপাড়া গ্রামের এই গৃহবধূর ব্যতিক্রমী উদ্যোগ এলাকায় প্রশংসা কুড়িয়েছে। আরবি হাতের লেখার প্রতি শৈশবের ভালোবাসা থেকেই সম্পূর্ণ কোরআন নিজ হাতে লেখার চিন্তা আসে তাঁর মনে।
স্বামী মোহাম্মদ জজ মিয়ার সহযোগিতায় সাদা কাগজ সংগ্রহ করে লেখা শুরু করেন খাদিজা। ৪০টি কলমের কালি ব্যবহার করে ধৈর্য ও নিষ্ঠার সঙ্গে দুই মাসে শেষ করেন পুরো কোরআন লেখা।
খাদিজার আরেকটি পরিচয়—তিনি গ্রামের শিশুদের কোরআন শিক্ষার জন্য নিজের বাড়ির উঠানেই গড়ে তুলেছেন অনানুষ্ঠানিক মক্তব। বর্তমানে সেখানে ৩০ থেকে ৩৫ জন শিশু তালিকাভুক্ত রয়েছে। প্রতিদিন গড়ে অন্তত ২৫ জন শিশু তাঁর কাছে আরবি লেখা ও কোরআন তেলাওয়াত শেখে। দীর্ঘদিন ধরে এই শিক্ষাদানের বিনিময়ে কোনো পারিশ্রমিক নেন না তিনি।
খাদিজা আক্তার জানান, আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং অবসর সময় ভালো কাজে ব্যয় করার উদ্দেশ্যেই তিনি হাতে কোরআন লেখা ও শিশুদের শিক্ষা দেওয়ার উদ্যোগ নিয়েছেন।
সীমিত সামর্থ্যের সংসারেও তাঁর এই নিষ্ঠা, ধৈর্য ও নিঃস্বার্থ সেবার গল্প স্থানীয়দের কাছে হয়ে উঠেছে অনুপ্রেরণার দৃষ্টান্ত।
এসকে/এনএম
আরও পড়ুন : মদনে ঘর থেকে তরুণীর রহস্যজনক মরদেহ উদ্ধার
এসকেনিউজ২৪ | সত্যের পথে কলমের সাথে
সম্পাদনা_দেলোয়ার হোসেন মাসুদ 




















One thought on “দুই মাসে হাতে লিখলেন কোরআন, শিশুদের শেখান বিনা বেতনে”