
নিজস্ব প্রতিনিধি | এসকেনিউজ২৪
সাইবার অপরাধের ক্রমবর্ধমান চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ ও চীনের মধ্যে সহযোগিতা আরও জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে সাইবার অপরাধসংক্রান্ত প্রশিক্ষণ, কারিগরি সহায়তা, তথ্য বিনিময় ও অভিজ্ঞতা ভাগাভাগির মাধ্যমে বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে চীন।
মঙ্গলবার (৬ অক্টোবর) ঢাকার পুলিশ হেডকোয়ার্টার্সে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, বিপিএম-এর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত গণপ্রজাতন্ত্রী চীনের দূতাবাসের Chargé d’affaires ad interim ও Minister Counsellor এবং Deputy Chief of Mission (DCM) ড. লিউ ইউইন (Dr. Liu Yuyin)-এর নেতৃত্বে প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাতে এসব বিষয়ে আলোচনা হয়।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করা হয়। আলোচনায় বিশেষ গুরুত্ব পায় সাইবার অপরাধ মোকাবিলা, তথ্য আদান-প্রদান এবং আইন-শৃঙ্খলা সংক্রান্ত সহযোগিতা।
বৈঠকে চীনা প্রতিনিধিদল বাংলাদেশ পুলিশের সাইবার অপরাধ মোকাবিলার সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতার আগ্রহ প্রকাশ করে। এ ক্ষেত্রে সাইবার অপরাধবিষয়ক প্রশিক্ষণ, আধুনিক কারিগরি সহায়তা, প্রয়োজনীয় লজিস্টিক সুবিধা এবং দুই দেশের অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্ব দেওয়া হয়।
এছাড়া টেলিকমভিত্তিক প্রতারণাসহ নতুন ধরনের সাইবার অপরাধ মোকাবিলায় দুই দেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার মধ্যে দ্রুত তথ্য ও অভিজ্ঞতা বিনিময় এবং প্রয়োজন অনুযায়ী যৌথভাবে কাজ করার বিষয়েও আলোচনা হয়।
ভবিষ্যতে প্রযুক্তিনির্ভর অপরাধ দমন ও সাইবার নিরাপত্তা জোরদারে বাংলাদেশ পুলিশ ও চীনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে সহযোগিতা আরও সম্প্রসারিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন উভয় পক্ষ।
সৌজন্য সাক্ষাতের সময় বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসকে/এনএম
আরো পড়ুন : মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
সম্পাদনা_দেলোয়ার হোসেন মাসুদ 


























One thought on “সাইবার অপরাধ দমনে বাংলাদেশ-চীন সহযোগিতা বাড়ছে”