
নিজস্ব প্রতিনিধি | এসকেনিউজ২৪
বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের মাঠ সমীক্ষার অংশ হিসেবে নেত্রকোণা জেলা পুলিশ পরিদর্শন করেছেন বিভিন্ন ক্যাডারের ১৫ জন বিসিএস কর্মকর্তা।
রোববার (৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে প্রশিক্ষণার্থী কর্মকর্তারা নেত্রকোণা পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হলে জেলা পুলিশের পক্ষ থেকে তাঁদের ফুলেল শুভেচ্ছা জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রেজওয়ান আহমেদ, পিপিএম।
এ সময় প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের সামনে নেত্রকোণা জেলার ইতিহাস, ঐতিহ্য, দর্শনীয় স্থান ও গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়। পাশাপাশি জেলা পুলিশের সাংগঠনিক কাঠামো, বিভিন্ন স্থাপনা, আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, জনসেবামূলক কার্যক্রম ও পেশাগত অর্জন নিয়ে একটি তথ্যবহুল পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।
প্রেজেন্টেশনে আধুনিক প্রযুক্তিনির্ভর পুলিশিং, সাইবার অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান ও জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের গৃহীত বিভিন্ন পদক্ষেপ ও কার্যক্রম তুলে ধরা হয়।
পরে অতিরিক্ত পুলিশ সুপার রেজওয়ান আহমেদ প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এ সময় তিনি জনবান্ধব, পেশাদার ও প্রযুক্তিনির্ভর পুলিশিংয়ের মাধ্যমে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশের ভূমিকা সম্পর্কে তাঁদের অবহিত করেন।
সংশ্লিষ্টরা জানান, এ মাঠ সমীক্ষার মাধ্যমে বিভিন্ন ক্যাডারের প্রশিক্ষণার্থী কর্মকর্তারা মাঠ প্রশাসনের বাস্তব কার্যক্রম, আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের ভূমিকা সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পেয়েছেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মাহফুজা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কুমার সরকারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসকে/এনএম
আরও পড়ুন : কোম্পানীগঞ্জে পুকুরে বিষ প্রয়োগ, ১২ লাখ টাকা ক্ষতি
সম্পাদনা_দেলোয়ার হোসেন মাসুদ 



















