
নিজস্ব প্রতিনিধি | এসকেনিউজ২৪
বাকিতে সিগারেট না দেওয়ায় ক্ষোভ—এর জেরে দোকানে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এতে দোকানদার ইব্রাহিম খলিল (৪৫) দগ্ধ হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত সুমন মিয়া (৩০)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২ অক্টোবর) বিকেলে নেত্রকোণার কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ী আমতলা ইউনিয়নের সহিলাটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে সুমন সিগারেট কিনতে ইব্রাহিম খলিলের দোকানে যান। বাকিতে সিগারেট চাওয়াকে কেন্দ্র করে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। অভিযোগ, একপর্যায়ে সুমন দোকানের সামনে রাখা একটি বোতল থেকে পেট্রোল নিয়ে দোকানের ভেতরে ছিটিয়ে আগুন ধরিয়ে দেন।
মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে দগ্ধ হন দোকানদার ইব্রাহিম খলিল। পুড়ে যায় দোকানের অধিকাংশ মালামাল। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে এনে তাকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই সুমনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তখনও মামলা না হওয়ায় ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
আদালত পুলিশের পরিদর্শক মোহাম্মদ রিয়াদ মাহমুদ জানান, শুক্রবার সন্ধ্যায় সুমন মিয়াকে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, দগ্ধ দোকানদারের স্বজনরা বর্তমানে ঢাকায় তার চিকিৎসা নিয়ে ব্যস্ত। তারা এলাকায় ফিরে এ ঘটনায় মামলা করবেন বলে জানিয়েছেন।
এসকে/এনএম
আরো পড়ুন : বারহাট্টায় যুবলীগের সাবেক সভাপতি গ্রেফতার
সম্পাদনা_দেলোয়ার হোসেন মাসুদ 



















