
নিজস্ব প্রতিনিধি | এসকেনিউজ২৪
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সাহিদপুর বাজারে মো. খলিলুর রহমান নামে এক মুদি দোকানিকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে তার শরীরের ৫০ শতাংশের বেশি দগ্ধ হয়েছে। গুরুতর অবস্থায় তাকে প্রথমে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তার অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন স্বজনরা।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সান্দিকোনা ইউনিয়নের সাহিদপুর বাজারে খলিলুর রহমানের মুদি দোকানে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের ভাষ্য ও অভিযোগ অনুযায়ী, ঘটনার সময় দোকানে খলিলুর রহমানের সঙ্গে পার্শ্ববর্তী চেংজানা গ্রামের মৃত কাদেনামাজের ছেলে সুমন মিয়াও উপস্থিত ছিলেন। একপর্যায়ে খলিলুর রহমানের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে। আগুনে তার শরীরের বিভিন্ন অংশ মারাত্মকভাবে দগ্ধ হওয়ার পাশাপাশি দোকানের কিছু মালামালও পুড়ে যায়।
খলিলুর রহমানের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে গুরুতর অবস্থায় তাকে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার বার্ন ইউনিটে নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন স্বজনরা।
ঘটনার কারণ নিয়ে স্থানীয়ভাবে বিভিন্ন কথা শোনা গেলেও এর কোনোটি এখনো নিশ্চিত নয়। স্থানীয় কয়েকজনের দাবি, দোকানের বাকি লেনদেনকে কেন্দ্র করে খলিলুর রহমান ও সুমন মিয়ার মধ্যে বিরোধ চলছিল। সেই বিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে বলে তারা ধারণা করছেন। তবে পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।
খবর পেয়ে রাতেই কেন্দুয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে বলে জানা গেছে।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, “ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। অভিযুক্তকে আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে ঘটনার পর সাহিদপুর বাজারসহ আশপাশের এলাকায় উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সান্দিকোনা ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম বলেন, খলিলুর রহমানের শরীরের বিভিন্ন অংশ ভয়াবহভাবে পুড়ে গেছে এবং তার অবস্থা অত্যন্ত গুরুতর।
অভিযোগ ওঠার পর থেকেই সুমন মিয়া পলাতক রয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। তার বক্তব্য পাওয়া যায়নি।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে দ্রুত অভিযুক্তকে আইনের আওতায় এনে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
এসকে/এনএম
আরও পড়ুনঃ ‘বিএনপিকে নসিহত নয়, আগে নিজেদের ঘর সামলান'- প্রধানমন্ত্রী
SK NEWS 24 BD সম্পাদক : দেলোয়ার হোসেন মাসুদসহ-সম্পাদক : নূরুল আমীন। অস্থায়ী কার্যালয়: ১৬৪, খতিবনগুয়া, হাসপাতাল রোড, নেত্রকোনা-২৪০০।
Copyright © 2026 SKNEWS24BD. All rights reserved.