
নিজস্ব প্রতিনিধি | এসকেনিউজ২৪
বিএনপির রাজনৈতিক সমালোচকদের উদ্দেশে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপিকে নসিহত করার আগে নিজেদের দলের দিকে নজর দেওয়া উচিত। একই সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেনীর পরশুরাম উপজেলার খেয়াঘাট-মুহুরী সেতু এলাকায় ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন শেষে আয়োজিত জনসমাবেশে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন দলের নেতারা বিএনপিকে নসিহত করছেন। তাদের উদ্দেশে তিনি বলেন, বিএনপিকে নসিহত না করে আগে নিজেদের ঘরের দিকে নজর দেওয়া উচিত।
তিনি বলেন, জনগণের প্রয়োজন বিবেচনা করেই খাল উন্নয়ন ও খননসহ বিভিন্ন কর্মসূচি নেওয়া হচ্ছে। যেসব উদ্যোগের মাধ্যমে অধিকাংশ মানুষের জীবনমান ও ভাগ্যের পরিবর্তন সম্ভব, সেগুলোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
সরকারের সামাজিক ও অর্থনৈতিক বিভিন্ন উদ্যোগ তুলে ধরে তারেক রহমান বলেন, ক্ষমতায় আসার প্রথম সাত দিনের মধ্যেই ১৩ লাখ কৃষকের কৃষিঋণ মওকুফ করা হয়েছে। নারীর ক্ষমতায়ন ও স্বাবলম্বিতা বাড়াতে ফ্যামিলি কার্ড চালুর কথাও উল্লেখ করেন তিনি।
এ ছাড়া দীর্ঘদিন বন্ধ থাকা বিভিন্ন কলকারখানা পুনরায় চালু এবং দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী। এসব উদ্যোগের মাধ্যমে তরুণদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলেও তিনি উল্লেখ করেন।
চিকিৎসাসেবার মানোন্নয়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি উপজেলা হাসপাতালকে ১৫০ শয্যায় উন্নীত করার পরিকল্পনা রয়েছে।
বিগত সরকারের সমালোচনা করে তারেক রহমান বলেন, ১৭ বছর দেশে আইনের শাসন ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমান সরকার আইন সবার জন্য সমানভাবে প্রয়োগ এবং আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করছে বলেও দাবি করেন তিনি।
সাম্প্রতিক বিভিন্ন ঘটনা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, কিছু দল অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে দেশে অরাজকতা তৈরির চেষ্টা করছে। এ বিষয়ে সবাইকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, বিভ্রান্তকারীদের চক্রান্ত থেকে দেশকে রক্ষা করতে হবে। বিএনপির রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মসূচির লক্ষ্য দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটানো বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
এর আগে দুপুরে পরশুরামের খেয়াঘাট-মুহুরী সেতু এলাকায় ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প পুনর্বাসনের (প্রথম পর্যায়) ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী।
প্রকল্পের আওতায় ৮৩ দশমিক ৫০ কিলোমিটার নদী ও জলাশয় পুনঃখনন, ৬৭ দশমিক ৯২ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ, ১১ দশমিক ৭৩ কিলোমিটার নদীতীর সংরক্ষণ, ২৭টি সেচ অবকাঠামো পুনর্বাসন এবং ৭৭টি সরু খাল খননের কাজ করা হবে। প্রকল্পটি ২০৩০ সালের মধ্যে শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
এসকে/এনএম
আরো পড়ুন :নেত্রকোনায় তরুণীকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, যুবকের বিরুদ্ধে মামলা
সম্পাদনায়_দেলোয়ার হোসেন মাসুদ 




















One thought on “‘বিএনপিকে নসিহত নয়, আগে নিজেদের ঘর সামলান’ – প্রধানমন্ত্রী”