
মোঃ রিপন শেখ, ভাঙ্গা প্রতিনিধি | এসকেনিউজ২৪
ফরিদপুরের ভাঙ্গায় ডাকাতির প্রস্তুতিকালে কথিত ডাকাত চক্রের ৮ সদস্যকে গ্রেফতার করেছে ভাঙ্গা থানার পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত ২৫ সেপ্টেম্বর মধ্যরাতের দিকে ভাঙ্গা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মধু হাসামদিয়া গ্রামের আব্দুল মজিদ তালুকদারের বসতবাড়ির পাশের একটি বাগানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন—মাদারীপুরের রাজৈর উপজেলার হাবিবুর রহমানের ছেলে সুজন মাতুব্বর (৩০), হাশেম শেখের ছেলে মিরাজ শেখ (৩৮); ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মফিজউদ্দিন খন্দকারের ছেলে দেলোয়ার খন্দকার ওরফে দেলু ডাকাত (৪০), মজিবর কাজীর ছেলে সোহাগ কাজী (২৭); গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার হেমায়েত খানের ছেলে মান্নান খান (৫০), আউলিয়া খানের ছেলে রাজু খান ওরফে রাজু ডাকাত (৩৪), আব্দুর রহমান খানের ছেলে হৃদয় খান (২৫) এবং পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার কামাল মোল্লার ছেলে আলম মোল্লা (৩৫)।
ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান জানান, ডাকাতির প্রস্তুতি নেওয়া হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। এ সময় বাগানের ভেতর থেকে ৮জনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, আটক ব্যক্তিরা একটি পেশাদার ডাকাত চক্রের সদস্য এবং তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এসকে/এফআর
আরো পড়ুন : ৭১ টিভি’র সাংবাদিক পাপুল সরকারকে লাঞ্চিত করার ঘটনায় গাইবান্ধা সাংবাদিক সমাজের নিন্দা ও প্রতিবাদ
সম্পাদনা_দেলোয়ার হোসেন মাসুদ 



















