
নিজস্ব প্রতিনিধি | এসকেনিউজ২৪
নেত্রকোনার দুর্গাপুরে প্রেমিকার বিয়ে অন্যত্র ঠিক হওয়ায় হতাশ হয়ে মহসিন আল নাঈম (১৭) নামে এক মাদরাসাছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে দাবি করেছে তার পরিবার। প্রায় দুই বছর ধরে ওই তরুণীর সঙ্গে নাঈমের প্রেমের সম্পর্ক ছিল এবং দুই পরিবারের মধ্যে বিয়ের কথাবার্তাও চলছিল।
সোমবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ১২টার দিকে দুর্গাপুর পৌরশহরের সাধুপাড়া এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত মহসিন আল নাঈম ওই এলাকার মতিউর রহমানের ছেলে। সে স্থানীয় একটি মাদরাসায় পড়াশোনা করত।
পরিবারের সদস্যরা জানান, রাতে ঘরের ধরনার সঙ্গে গলায় রশি পেঁচানো অবস্থায় নাঈমকে দেখতে পান তারা। পরে দ্রুত তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, পার্শ্ববর্তী চণ্ডিগড় এলাকার এক তরুণীর সঙ্গে নাঈমের প্রায় দুই বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। কিছুদিন আগে নাঈমের পরিবারের পক্ষ থেকে ওই তরুণীর বাড়িতে বিয়ের প্রস্তাব দেওয়া হয়। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বিয়ের বিষয়ে কথাবার্তাও এগিয়েছিল।
তবে এরই মধ্যে রোববার ওই তরুণীর বিয়ে অন্যত্র ঠিক হয়। পরিবারের দাবি, বিষয়টি জানার পর নাঈম মানসিকভাবে ভেঙে পড়ে।
নাঈমের বড় ভাই মাহমুদুল হাসান বলেন, “কিছুদিন আগে আমরা মেয়ের বাড়িতে গিয়ে বিয়ের বিষয়ে কথা বলে এসেছিলাম। গত পরশু আমার ভাই মেয়েটিকে বাজারে বিয়ের কেনাকাটা করতে দেখে। পরে সোমবার রাতে মেয়েটি তাকে বিয়ে করবে না বলে জানায়। বিষয়টি জানতে পেরে আমার ভাই এ ঘটনা ঘটিয়েছে।”
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য নাঈমের মরদেহ নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
প্রাথমিকভাবে প্রেমের সম্পর্ক ও মানসিক হতাশা থেকে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এসকে/এনএম
আরো পড়ুন : শিক্ষকতা ও ক্রীড়াঙ্গনের প্রিয় মুখ ‘আকন্দ স্যার’ : ৩১তম মৃত্যুবার্ষিকীতে সপ্তাহব্যাপী নানা আয়োজন
সম্পাদনা_দেলোয়ার হোসেন মাসুদ 



















