
নিজস্ব প্রতিনিধি | এসকেনিউজ২৪
রাজধানীর ধানমন্ডি লেক থেকে মো. জাবেদ আহমেদ (৫১) নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের সদস্যদের বরাতে পুলিশ জানিয়েছে, জাবেদ পেশায় একজন মার্কেটিং কনসালটেন্ট ছিলেন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ধানমন্ডি ১০ নম্বর সড়কের আবেশ হোটেলের পেছনে একটি ব্রিজের নিচ থেকে পানিতে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহত জাবেদ আহমেদ মো. সালাউদ্দিন আহমেদের ছেলে। তার স্থায়ী ঠিকানা রাজধানীর বনানীর ১৩ নম্বর সড়কের ১২২ নম্বর বাসায় হলেও বর্তমানে তিনি বসুন্ধরা আবাসিক এলাকার ব্লক-আই, রোড-১-এর ৫৬৬/৬৭ নম্বর বাসায় বসবাস করতেন।
ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল গফুর জানান, সকালে ধানমন্ডি ১০ নম্বর সড়কের আবেশ হোটেলের পেছনে ব্রিজের নিচে পানিতে ভাসমান অবস্থায় জাবেদের মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, স্বজনদের কাছ থেকে জানা গেছে, জাবেদ দীর্ঘদিন ধরে বেকার ছিলেন এবং আর্থিক সংকটের কারণে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। তিনি আত্মহত্যা করেছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
এসকে/এনএম
আরো পড়ুন : নেত্রকোনায় এফআইভিডিবির ‘নিউট্রিশন স্মার্ট কমিউনিটি’ প্রকল্পের উদ্বোধনী কর্মশালা
সম্পাদনা_দেলোয়ার হোসেন মাসুদ 



















