
নিজস্ব প্রতিনিধি | এসকেনিউজ২৪
নেত্রকোনা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, পুলিশ সদস্যদের কল্যাণ এবং জনগণের দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান।
রোববার (২০ সেপ্টেম্বর ২০২৬) নেত্রকোনা জেলা সফরে এসে তিনি জেলা পুলিশ সুপারের কার্যালয়সহ বিভিন্ন পুলিশ স্থাপনা ও কার্যক্রম পরিদর্শন করেন। দিনব্যাপী এসব কর্মসূচিতে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁর সঙ্গে ছিলেন।
সফরের শুরুতে পুলিশ লাইন্স মাল্টিপারপাস ড্রিলশেডে আয়োজিত বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন রেঞ্জ ডিআইজি। নেত্রকোনা পুলিশ সুপার মোহাম্মদ তরিকুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যরা অংশগ্রহণ করেন।
সভায় পুলিশ সদস্যরা তাঁদের বিভিন্ন সমষ্টিগত দাবি-দাওয়া ও সমস্যার কথা তুলে ধরেন। ডিআইজি মনোযোগ দিয়ে তাঁদের বক্তব্য শোনেন এবং উত্থাপিত বিষয়গুলো বাস্তবায়নের লক্ষ্যে পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
এরপর পুলিশ লাইন্স স্কুলের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন তিনি। এ সময় বৃক্ষের গুরুত্ব তুলে ধরে ডিআইজি বলেন, মানুষের দৈনন্দিন জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রেই গাছের অবদান অপরিসীম। খাদ্য, বিশুদ্ধ অক্সিজেন, ছায়া ও কাঠসহ নানা প্রয়োজন পূরণে বৃক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শুধু মানুষ নয়, অসংখ্য প্রাণীর জীবনও গাছের ওপর নির্ভরশীল।
তিনি বলেন, বৃক্ষরোপণ শুধু একটি কর্মসূচি নয়; এটি ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমাদের দায়িত্ব।
নিজের ছাত্রজীবন থেকেই গাছ লাগানোর অভ্যাসের কথা উল্লেখ করে ডিআইজি শিক্ষার্থীদের অন্তত একটি করে গাছ রোপণ ও তা সংরক্ষণের অঙ্গীকার করার আহ্বান জানান।
পরে তিনি নেত্রকোনা পুলিশ সুপারের কার্যালয়ে জেলার মানচিত্রের মনুমেন্টের ফলক উন্মোচন করেন। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে পুলিশ সুপারের কার্যালয় প্রাঙ্গণে একটি ফুলের চারাও রোপণ করেন তিনি।
এ সময় নেত্রকোনা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসকে/এনএম
আরো পড়ুন : ময়মনসিংহের খাদ্য পরিদর্শক কামাল এর বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ
সম্পাদনা_দেলোয়ার হোসেন মাসুদ 



















